কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলি, আহত ২৫

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২২:৩১
ওভার টাইমের মজুরি, ২ কর্মকর্তা অপসারণসহ ৯ দফা দাবিতে গতকাল বুধবার সকালে ৪র্থ দিনের মতো জেলার কালিয়াকৈর উপজেলায় বাড়ইপাড়া এলাকায় হেসং বিডি লিমিটেড নামে এক গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ চলছে। পোশাক শ্রমিকরা গতকাল সকালে কাজে যোগদান না করে সড়ক অবরোধ রেখে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় পুলিশ বাধা দিলে পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। এলাকাবাসী, কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ প্রশাসনের চেষ্টায় শ্রমিকদের ৫ দফা দাবি পূরণের আশ্বাস দিয়ে গতকাল কারখানা খুলে দেয় কর্তৃপক্ষ। এরপর গতকাল সকালে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে আরো ৪ দফা দাবি জানিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এক পর্যায়ে পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বেরিয়ে সকাল সাড়ে ৯টার দিকে অনশন করতে উপজেলার বাড়ইপাড়া-জালসুকা আঞ্চলিক সড়কে অবস্থান নেয়। এসময় পুলিশ বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ করে পোশাক শ্রমিকরা। পরে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ, ২ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় আহত হয়েছে ১ পুলিশসহ কমপক্ষে ২৫ জন। শিল্প-পুলিশ গাজীপুর-২ এর ওসি মো. জাকির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গার্মেন্টস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।