তাদেরকে রাস্তায় দেখছি না :এরশাদ

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২২:৩১
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দেশে অনেক ইসলামী দল আছে, যারা নিজেদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বলে দাবি করে। কিন্তু গাজায় মুসলমানদের ওপর বর্বরতার বিরুদ্ধে তাদের রাস্তায় দেখছি না। তাদের ইসলাম শুধু মুখে-মুখে। সরকারকে বলব-আপনাদেরও রাস্তায় দেখতে চাই, এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল বুধবার রাজধানীতে জাপার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি হয়। তবে মাঝখানে বেশিরভাগ স্থানেই কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। প্রেসক্লাবে কর্মসূচির উদ্বোধন করে এরশাদ একটি খোলা ট্রাকে করে মতিঝিলের শাপলা চত্বরে যান। সেখানে দুপুর সোয়া একটায় তিনি সমাপনী বক্তব্য রাখেন। জাপা চেয়ারম্যান বলেন, আমরা বিশ্বাস করি-গাজায় এই গণহত্যার প্রতিবাদে রাজপথে নামা, জিহাদ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। জাপা প্রমাণ করেছে, আমরা ইসলামকে ভালোবাসি। সেজন্য আমরা রাস্তায় নেমেছি, ক্ষমতায় না যাওয়া পর্যন্ত রাস্তায় থাকব। গাজা ইস্যুতে জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা নাকি বাঘ, তারা নখ-দন্তহীন বাঘ, তাদেরকে বলবো-বাঘ হোন, মানবতার পক্ষে হস্তক্ষেপ করুন। এ ঘটনায় সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আমাদের সরকার ইসরায়েলের হামলার প্রতিবাদ করেছে মৌখিকভাবে, কিন্তু রাস্তায় নেই। এসময় এরশাদের সঙ্গে জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়, দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।