সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রের খুনিদের গ্রেফতার দাবি

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২২:৩২
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র খালেদুজ্জামান খালেদের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তার সহপাঠীরা। এজন্য সিলেটের প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। গতকাল বুধবার খালেদের খুনিদের শাস্তির দাবিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এমন আল্টিমেটাম দেন। তারা বলেছে, অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি সালেহ উদ্দিন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, ইউনিভার্সিটির সহকারি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী, খালেদের বাবা ছলুছ মিয়া, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আলী, গোলাপগঞ্জের সাবেক ইউপি সদস্য সালেক আহমদ, এমসি কলেজ ছাত্র সুলতান মাহবুব প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, খালেদকে অপহরণের পর তাকে উদ্ধারে সিলেট কোতোয়ালি থানার তত্কালীন ওসি আতাউর রহমান, বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম ও গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী যে গড়িমসি করেছেন এবং মামলা নিতে অসম্মতি জানিয়েছেন তার কারণ উদঘাটন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা খালেদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।