এইচএসসির ফল জানতে পারবে না হালিমা

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২২:৩২
হালিমা আক্তার (১৮)। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বাড়ি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায়। সে জিপিএ-৫ পেয়েছিলো এসএসসিতে। এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতে ঈদের পরদিন হালিমা শরীয়তপুরের জাজিরার বিকেনগর গ্রামে গিয়েছিলো। ঐ গ্রামে হালিমার নানা বাড়ি। সঙ্গে ছিল তার বাবা আলী জব্বার, মা জাহানারা বেগম , ভাই আনোয়ার হোসেন অপু ও বোন তানজিমা। বিয়ের অনুষ্ঠান শেষে সোমবার ঢাকায় ফিরছিলেন তারা। ঘাটে এসে দেখে পিনাক-৬ লঞ্চ যাত্রীতে ভরে গেছে। স্ত্রী, তিন সন্তান নিয়ে কি করবেন ভেবে পাচ্ছিলেন না আলী জব্বার। বিকালের আগেই নারায়ণগঞ্জ ফিরতে হবে ভেবে লঞ্চে অনেক কষ্ট করে ওঠেন তারা। মাওয়াঘাটের কাছাকাছি আসায় আলী জব্বার স্ত্রী ও সন্তানদের নিয়ে ডেকে দাঁড়িয়েছিলেন। চোখের সামনে দেখলেন কী ভাবে একটি লঞ্চ ডুবে গেলো। বাঁচার জন্য চিত্কার; কিন্তু কে শোনে কার কান্না। চোখের সামনে স্ত্রী ছিটকে পড়লো আরেকদিকে। পানি থেকে কে যেনো একটি ট্রলারে টেনে তুললো তাকে। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলতেই দেখেন মাওয়া ঘাটে অনেক মানুষের চিত্কার, কান্নাকাটি। কিছু সময় পরে ছেলে অপুকে খুঁজে পেলেন তিনি; কিন্তু তার স্ত্রী ও দুই মেয়েকে এখনো খুঁজে পাননি। গতকাল মাওয়াঘাটে স্ত্রী ও দুই মেয়ের লাশের সন্ধান করছিলেন। তীরে বিলাপ করছিলেন, হালিমার এইচএসএসির রেজাল্ট জানা হলো না। ১৩ আগস্ট এইচএসসির ফলাফল প্রকাশ হওয়ার কথা। হালিমা আশা করেছিলো এইচএসসিতেও সে জিপিএ-৫ পাবে।