কোরিয়ান ইপিজেডে সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ৮

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২২:৩২
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন কোরিয়ান ইপিজেডের সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র ইপিজেডের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোরিয়ান ইপিজেডের দুই কর্মকর্তাসহ আটজন আহত হয়। গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেয়া হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ ইত্তেফাককে জানান, কোরিয়ান ইপিজেড সংলগ্ন একটি কবরস্থানে সীমানা পিলার বসানোর কাজ করছিল ইপিজেড কর্তৃপক্ষ। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ বিষয়ে কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রি. জেনারেল হাসান নাসির ইত্তেফাককে বলেন, বৈরাগ মৌজার একটি প্রভাবশালী মহল কোরিয়ান ইপিজেডের ভেতরে একটি স্থান থেকে বালু তুলে বিক্রি করছিল। খবর পেয়ে ইপিজেডের নিরাপত্তাকর্মীরা বাধা দিলে উক্ত ব্যক্তিরা স্থানীয় মসজিদের মাইকে কবরস্থানের পিলার তুলে ফেলা হচ্ছে বলে ঘোষণা দিয়ে লোক জড়ো করে। এসময় তাদের হামলায় দুই কর্মকর্তাসহ আটজন আহত হয়। ইপিজেডের দু’টি ফটক, তিনটি সাইনবোর্ড ও সাতটি নিরাপত্তা চৌকি ভাংচুর করা হয় বলেও তিনি অভিযোগ করেন।