যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক, মহাসড়ক ও ডিভাইডারের ওপর অবৈধ রাজনৈতিক ও বাণিজ্যিক বিলবোর্ড শহরের সৌন্দর্যহানি ঘটাচ্ছে। এসব রাজনৈতিক বিলবোর্ড সরিয়ে ফেলতে হবে। এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বাবুবাজারে বিআরটিএ পরিচালিত সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। যোগাযোগ মন্ত্রী বলেন, এ গণসচেতনতামূলক কর্মসূচি যানজট ও দুর্ঘটনার বিরুদ্ধে ধারাবাহিক ও সমন্বিত প্রয়াস। আর চালক ও পথচারীদের সচেতন করতে এ ধারাবাহিকতা বজায় থাকবে। চালকদের পাশাপাশি পথচারীরাও অনেক সময় বেপরোয়া হয়ে রাস্তায় চলাচল করে। এ থেকে বেরিয়ে আসতে হবে।
এ সময় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত বৈধ কাগজ না থাকা ও চালকদের হেলমেট পরিধান না করার কারণে ১৬টি মোটর সাইকেলকে জরিমানা করে এবং বৈধ কাগজপত্র না থাকার কারণে চারটি হিউম্যান হলারকে ডাম্পিং-এ পাঠায়। বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বশার, নাট্যব্যক্তিত্ব মনির খান শিমুলসহ ডিএমপি ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
