নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অবস্থা কংগ্রেস থেকে খারাপ হবে

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২২:৩৩
বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পক্ষে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের অবস্থা ভারতের কংগ্রেসের চেয়ে করুণ হবে। গতকাল বুধবার নগরীর ওয়াজেদিয়া এলাকায় পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সকল পর্যায়ের নেতা-কর্মীদের রাজপথে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণদাবি মেনে নিয়ে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর না করলে তাদের বিরুদ্ধে মাঠেই ফয়সালা হবে। গণমাধ্যম নীতিমালার তীব্র সমালোচনা করে তিনি বলেন, জনগণের কণ্ঠরোধ করতে না পেরে সরকার নতুন নীতিমালা প্রণয়নের নামে সংবাদপত্রের কণ্ঠরোধ করার চেষ্টায় লিপ্ত হয়েছে। ইসহাক কোম্পানীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।