মেহেরপুরে পানিতে ডুবে থাকা সড়কের উপর ধানের চারা লাগিয়ে এবং মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার প্রতিবাদী জনতা সড়কটির উপর ধানের চারা রোপণ করে। এরপর সেখানে মানববন্ধন করেন তারা। এলাকাবাসী জানায়, সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়ীয়া ফরাজিপাড়া থেকে বৈকণ্ঠপুর গ্রামে যাওয়ার প্রায় দেড় কিলোমিটার সড়ক খানা-খন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই ভরে যায় কাদা-পানিতে। এবারের বর্ষা মৌসুমে গত একমাস থেকে পানি আর কাদাতে ডুবে থাকায় চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। ফলে কয়েকটি গ্রামের আশ-পাশের শত শত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। দীর্ঘদিন থেকে সড়কটি মেরামতের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। তাই নিরুপায় হয়ে এ প্রতিবাদ জানায় তারা।
প্রতিবাদী যুবক রাজন আলী জানান, গত দেড়মাস ধরে সড়কটিতে কাদা-পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এলাকার জনপ্রতিনিধিদের বললেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদি স আলী জানান, কুলবাড়ীয়া গ্রামের সড়কটি কাদা-পানিতে ডুবে থাকায় এলাকাবাসীরা ক্ষোভে সেখানে ধানের প্রতিকী চারা রোপণ করেছে। সড়কটি যাতে দ্রুত মেরামত করে চলাচলের যোগ্য করে দেয়া যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।
