রূপগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ মে রাতে ঐ তরুণী ধর্ষণের শিকার হন।
গ্রেফতারকৃতরা হলো: তারাব হাটিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে নাঈম, একই এলাকার আব্দুল বারেকের ছেলে বাদশা মিয়া ও সোনারগাঁওয়ের লাদুরচর এলাকার দেলোয়ারের ছেলে হাবিবুর রহমান। বর্তমানে তারা হাটিপাড়া এলাকার কামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, ২৭ মে সন্ধ্যায় তারাব পৌরসভার আবদুল্লাহ স্পিনিং মিলের ওই নারী শ্রমিক (১৬) কারখানা থেকে হাটিপাড়া এলাকার বাসায় ফেরার পথে নাঈম হোসেন, বাদশা মিয়া ও হাবিবুর রহমান তার পথরোধ করে। পরে তাকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। ধর্ষিতার গোঙানির শব্দ পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ঐ তিনজনকে গ্রেফতার করে।
