বান্দরবানের আলীকদমে ছেলের হাতে বাবা খুনসহ পৃথক ঘটনায় তিন স্থানে তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
আলীকদমে ছেলের হাতে বাবা খুন
বান্দরবানের আলীকদম উপজেলার সোনাইছড়ি গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে মাদকাসক্তা ছেলে ক্যচিং মারমার হাতে বাবা থোয়াই নু মারমা (৫৫) খুন হয়েছেন। মদ্যপান করে স্ত্রীকে মারধরে বাধা দেয়ায় ছেলে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
আলীকদম থানার ওসি মোহাম্মদ হোসেন জানান, ছেলের লাঠির আঘাতে বাবা মারা গেছে।
চারঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
রাজশাহীর চারঘাটে যৌতুকের দাবিতে গতকাল বৃহস্পতিবার শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই মাসুদ যৌতুকের জন্য শারমিনকে নির্যাতন করতো। সম্প্রতি বাবার বাড়ি থেকে প্রাপ্ত জমি বিক্রি করে টাকা নিয়ে আসার জন্য মাসুদ শারমিনকে চাপ দেয়। কিন্তু শারমিন রাজী না হওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চারঘাট থানা পুলিশ শারমিনের স্বামী মাসুদ রানা, শ্বশুর কাদের আলী এবং শাশুড়ি মালেকজানকে আটক করেছে।
পুলিশ জানায়, এ ব্যাপারে নিহতের ভাই মাহাবুর বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
ফেনীতে এক ব্যক্তির লাশ উদ্ধার
ফেনী মডেল থানার সামনের রাজাঝির দিঘী থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফেনী অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মেরে লাশটি ফেলে যেতে পারে।
