দোহারে ১৩ দিন ধরে ৫০ পরিবার অন্ধকারে

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:০৭
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ২ গ্রামের ৫০ পরিবারে বিদ্যুত্ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। নদী ভাঙনের কারণে পল্লী বিদ্যুত্ সমিতি গত ১৩ দিন যাবত্ এলাকার সংযোগ বিচ্ছিন্ন রেখেছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার পশ্চিম চর ও মেঘুলা গ্রামের ৫০ পরিবার বিদ্যুত্ বিচ্ছিন্ন রয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে পরিবারগুলো। ফ্রিজে রক্ষিত খাবার নষ্ট ও অন্ধকার জীবনযাপন করছে এসব পরিবার। তাছাড়া অন্ধকারাচ্ছন্নতার সুযোগে এলাকায় চুরি-ডাকাতির আশঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি স্থানীয় নারিশা অভিযোগ কেন্দ্রে জানানো হলেও তারা এ বিষয়ে কর্ণপাত করেননি। পরে দোহার জোনাল অফিসে জানালে ১৩ দিনেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। নারিশা গ্রামের সিরাজ মাদবর জানান, রাত হলেই গ্রাম জুড়ে অন্ধকার ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। এলাকায় চোর-ডাকাতের আক্রমণের আশঙ্কায় আমরা আতংকিত। বিদ্যুত্ না থাকায় ছেলে-মেয়েদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। কবে বিদ্যুত্ আসবে তাও জানতে পারছি না। ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর দোহার জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল লতিফ জানান, নদী ভাঙনের কারণে এ এলাকায় বিদ্যুত্ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঠিক হতে মাসখানেক সময় লাগবে।