বেনাপোলে আমদানিকৃত মাছসহ ৩টি কাভার্ড ভ্যান আটক

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:২০
ভারত থেকে আমদানিকৃত ঘোষণার অতিরিক্ত ৩ কাভার্ড ভ্যান রুই মাছ বেনাপোল বাজার এলাকা থেকে গত বুধবার রাতে আটক করেছে বিজিবি। ২৬ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আমদানিকৃত ৩টি কাভার্ড ভ্যানে ঘোষণার অতিরিক্ত বিপুল পরিমাণ পণ্য রয়েছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি সদস্যরা রাতে বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে মাছ বোঝাই ৩টি কাভার্ড ভ্যান আটক করে। ১৬ হাজার কেজি মাছের স্থলে ২২ হাজার কেজি মাছ আমদানি করা হয়। আটককৃত মাছ চট্টগ্রামের সেভেন স্টার ফিস্ প্রসেসিং কোম্পানি লিমিটেড নামে এক আমদানিকারক আমদানি করেন। যার রপ্তানিকারক কলকাতার নাজ ইমপেকস্ প্রাইভেট লিমিটেড। আটককৃত মাছ বেনাপোল কাস্টম হাউসের নিলাম শাখায় জমা দেয়া হয়েছে। তিনটি কাভার্ড ভ্যানসহ আটককৃত ২২ হাজার কেজি মাছের মূল্য দেয়া হয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা।