উপজেলা চেয়ারম্যান হত্যা চেষ্টায় হিযবুত তৌহিদের ২ সদস্য আটক

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:২২
দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেনকে হত্যার চেষ্টা ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকালে হিযবুত তৌহিদের দুই সদস্যকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার বেতাগী থেকে দশমিনায় ফেরার পথে দশমিনা-পটুয়াখালী সড়কের মাছুয়াখালী মোড়ে তিন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী কুষ্টিয়া জেলার আমলাপাড়ার মৃত্যু মোকসেদ আলীর ছেলে মো. রুহুল আমীন এবং আব্দুল লতিফের ছেলে মো. রফিককে আটক করে। এ সময় আরো একজন পালিয়ে যায়। আটককৃতরা নিজেদের হিযবুত তৌহিদের সদস্য বলে পরিচয় দেয়। উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জানান, গত দুই দিন ধরে ওই সন্ত্রাসীরা আমাকে অনুসরণ করে আসছে। বুধবার আমার অফিসে দৈনিক দেশপত্র পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে সন্দেহ হয়। দশমিনা থানার সেকেন্ড অফিসার এস,আই মোজ্জামেল হোসেন জানান, জনতার হাতে আটককৃতদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিত্সার জন্য দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।