নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা, কিশোরগঞ্জে শ্বশুরের হাতে জামাতা খুন

আপডেট : ৩১ মে ২০১৯, ০০:৪০

নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা আনোয়ার হোসেন (৪৮) নিহত হয়েছেন। এ সময় আনোয়ারের ছুরিকাঘাতে ঘাতক ছেলে রনিও (২৮) আহত হয়। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। ঘাতক রনি পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে আনোয়ার ছেলে রনিকে হিউম্যান হলার (চার চাকার লেগুনা) কিনে দেন। কিছুদিন ধরে রনি তার বাবাকে গাড়ির আয়-ব্যয়ের কোনো হিসাব দিচ্ছিল না। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রনি তার বাবা আনোয়ারের পেটে ছুরিকাঘাত করে। এ সময় আনোয়ার ওই ছুরি কেড়ে নিয়ে তার ছেলে রনিকে আঘাত করে। এতে তার ছেলে রনিও আহত হয়। 

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারাপাশায় গতকাল শ্বশুরের হাতে জামাতা খুন হয়েছেন। নিহত রূপক ওরফে ওমর ফারুকের (২৮) বাড়ি শহরের বত্রিশ এলাকায়। জানা যায়, বিয়ের পর থেকে রূপক স্ত্রীসহ শ্বশুর বাড়িতে থাকতেন। শ্বশুর আবু বাক্কারের সঙ্গে তার মনোমালিন্য হওয়ায় গত বুধবার তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে চলে যান। গতকাল রূপক আসবাবপত্রসহ অন্য মালামাল আনার জন্য শ্বশুর বাড়িতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু বাক্কার ধারালো অস্ত্র নিয়ে রূপককে কুপিয়ে জবাই করে।