সালথায় শ্রেণিকক্ষে মাদকের আড্ডা স্কুল বন্ধ ঘোষণা

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:২২
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাটপাড়া-কাঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতর রাত হলেই আড্ডা দিচ্ছে স্থানীয় মাদকসেবীরা। মাদকাসক্তদের অবাধে আড্ডার কারণে গতকাল বৃহস্পতিবার থেকে স্কুলটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে ছাত্র-ছাত্রীদের পড়ালেখা ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। স্কুল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নাছির উদ্দিন জানান, ভাটপাড়া গ্রামের কদ্দুছ মোল্লার ছেলে কামাল মোল্লা, মজিবরের ছেলে রাজিব, ওদুদ মাস্টারের ছেলে শাওন, সোনা মোল্লার ছেলে প্রিন্স মোল্লা, রকমান শেখের ছেলে টিটুল, ফরমান আলীর ছেলে শাহিন ও কাঠাল বাড়িয়া গ্রামের রাসেদ শেখের ছেলে সবুজসহ ১৫-২০ জন মাদকাসক্ত মাঝে মাঝে স্কুলের রুমের মধ্যে বসে মদ-গাঁজা সেবন করে আসছে। গত মঙ্গলবার রাতেও এরা স্কুলের নাইটগার্ট মিরাজ শেখকে ভয় দেখিয়ে রুমের চাবি নিয়ে শ্রেণিকক্ষের ভেতর বসে মাদক সেবন করে এবং সাউন্ড বক্স চালিয়ে নাচানাচি শুরু করে। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা ঘটনাস্থালে এসে মাদকাসক্তদের ধাওয়া করে ও সাউন্ড বক্স ভেঙ্গে ফেলে। ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক আবু বক্কর বলেন, এ ঘটনার পর আমরা স্কুলটি সাময়িক বন্ধ ঘোষণা করেছি।