রজার ফেদেরারের পর এবার পুরুষ টেনিসের অন্য দু্ই সুপারস্টার নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারেও জয় দিয়ে তাদের হার্ড কোর্ট মৌসুম শুরু করেছেন। প্রথম রাউন্ডে বাই পাওয়া উইম্বলডনের সাবেক এবং বর্তমান এই দুই তারকা রজার্স কাপে নিজেদের প্রথম খেলায় জয় পেয়ে চলে গেছেন তৃতীয় রাউন্ডে। তবে মারের জয়টা সহজে এলেও বাড়তি ঘাম ঝরাতে হয়েছে জোকোভিচকে। জয় পেয়েছেন টুর্নামেন্টের অন্য দুই শীর্ষ বাছাই ডেভিড ফেরার এবং টমাস বার্ডিচও।
উইম্বলডনের ফাইনালে পাঁচ সেটের স্নায়ুক্ষয়ী এক লড়াইয়ে ফেদেরারকে হারিয়ে গত মঙ্গলবারই ছিল জোকোভিচের প্রথমবারের মতো কোর্টে নামা। আর হার্ডকোর্টে এবছর এই সার্বিয়ান সর্বশেষ নেমেছিলেন গত মার্চে। ফলে গায়েল মনফিলসের বিরুদ্ধে ম্যাচ ঘিরে জোকোভিচ ভক্তদের মনে কিছু শঙ্কা হয়তো ছিলই। প্রথম সেট ৬-২ গেমে জিতে ভক্তদের সেই শঙ্কাটা দ্রুতই উড়িয়ে দেন উইম্বলডন চ্যাম্পিয়ন। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মনফিলস। টাইব্রেকারে ৬-৭ (৪-৭) গেমে সেটটি জিতে নিয়ে সমতায় ফেরেন তিনি। এরপর তৃতীয় সেটেও এই ফরাসি এক পর্যায়ে এগিয়ে ছিলেন ৬-৫ গেমে। অর্থাত্, আর দুটি পয়েন্ট পেলেই জিতে যেতেন তিনি।
তবে বুদ্ধিমত্তা আর পাওয়ার টেনিসের দারুণ এক যুগলবন্দিতে টাইব্রেকারে শেষ পর্যন্ত সেটটি জিতে নেন জোকোভিচই। আজ তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ আরেক ফরাসি জো উইলফ্রেড সোঙ্গা। টরেন্টোতে চলমান এই টুর্নামেন্টের শীর্ষ বাছাই দ্বিতীয় রাউন্ডেই কঠিন প্রতিপক্ষের বাধা টপকাতে পেরে দারুণ খুশি। মাত্র গত মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা বলেন, ‘এই ম্যাচ থেকে কেবল ইতিবাচক বিষয়গুলোই আমি নিতে চাইবো। এটাও মনে রাখতে হবে আমাকে আড়াই ঘণ্টারও বেশি সময় কোর্টে থাকতে হয়েছে, যেখানে হার্ড কোর্টে আমি সর্বশেষ ম্যাচটি খেলেছি মায়ামির ফাইনালে (গত মার্চে)।’ তবে মনফিলসের কঠিন চ্যালেঞ্জ তাকে সামনের ম্যাচগুলোতে আরো ভাল করতে সাহায্য করবে বলেও মনে করছেন তিনি, ‘এটা আমাকে অবশ্যই আরো ভাল খেলতে সাহায্য করবে। কোর্টের অবস্থাটা বুঝতেও আমার কিছুটা সময়ের প্রয়োজন। তাছাড়া আমি ক্লান্ত-পরিশ্রান্তও না। গত চার সপ্তাহে এটা ছিল আমার প্রথম টুর্নামেন্ট। অবশ্যই সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমার জন্য।’
সেই চ্যালেঞ্জে উত্রাতে পারলে জোকোভিচের জন্য বড় পুরস্কারই অপেক্ষা করছে। কারণ, রজার্স কাপ জিততে পারলে তিনি হবেন ফেদেরার এবং রাফায়েল নাদলের পরে কমপক্ষে বিশটি এটিপি ১০০০ জেতা তৃতীয় খেলোয়াড়। এক্ষেত্রে জোকোভিচকে আশান্বিত করতে পারে আরেকটি তথ্যও। সর্বশেষ ছয়টি এটিপি টুর্নামেন্টে অংশ নিয়ে পাঁচটিতেই জিতেছেন তিনি।
এদিকে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে গ্রিগর দিমিত্রভের কাছে হেরে বিদায় নেয়া মারের জয়টা এসেছে সহজেই। ৬-২, ৬-৩ গেমে কাই রোজিয়সকে হারিয়েছেন তিনি। তিনি খেলবেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটের বিরুদ্ধে।
অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডে জয় পাওয়া পঞ্চম বাছাই সেখানে খেলবেন ক্রোয়েশিয়ার ইভান ডডিচের বিরুদ্ধে। সুপারস্পোর্ট
