রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ দিন বিদ্যুত্ নেই

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২২:৩২
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ দিন ধরে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের রোগীদের। স্থবির হয়ে পড়েছে চিকিত্সা সেবা। চিকিত্সা সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং প্যাথলজি কার্যক্রম চালানো যাচ্ছে না। সম্প্রসারিত টিকা দান কর্মসূচির (ইপিআই) ভ্যাকসিন ও জীবন রক্ষাকারী ওষুধ রাখার রেফ্রিজেরেটর সচল রাখা যাচ্ছে না। পানির অভাবে আবাসিক এলাকায় ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবার এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা চরম দুর্ভোগে রয়েছেন। চিকিত্সা শেষ না হতেই অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। গত ২৭ জুলাই মেঘনা নদীর ভাঙ্গনে খুঁটি উপড়ে পড়ে বিদ্যুতের বিতরণ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এর পরের দিন বিদ্যুত্ বিভাগকে জানানো হলেও তারা এটি মেরামত করেনি। ডায়রিয়া আক্রান্ত দু’মাসের শিশু ইশরাত জাহানের মা রিনা বেগম বলেন, পানির অভাবে রোগীর বমি ও পায়খানা পরিষ্কার করতে খুবই সমস্যা হচ্ছে।