পোশাক খাতে নৈরাজ্য ঠেকাতে চট্টগ্রামে সতর্ক পুলিশ

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২২:৩৯
ঢাকার তোবা গ্রুপে শ্রমিক আন্দোলনের জের ধরে চট্টগ্রামের পোশাক খাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ। জেলা ও নগরীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাগুলোতে গত বুধবার রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিশেষ করে নগরীর কালুরঘাট, নাসিরাবাদ, পাহাড়তলি, সিইপিজেড, কেইপিজেড, ফৌজদারহাটে পুলিশের টহল জোরদার করা হয়। চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) ইত্তেফাককে জানান, তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি আদায় না হলে সারা দেশের শিল্পাঞ্চলগুলোতে ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুমকির পর চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতে নজরদারি বৃদ্ধি করে শিল্প পুলিশ। বিজিএমইএ-এর প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী চট্টগ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের কোনো কারখানায় শ্রমিকদের বেতন বাকি পড়েছে এমন তথ্য আমাদের কাছে নেই।