বঙ্গবন্ধুকে দেশ গড়ার সময় দিলে ইতিহাস হতো অন্যরকম

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২২:৪৬
’৭৫-এর আগস্ট, সে দিনটির জন্যে আমরা অপেক্ষা করছিলাম বঙ্গবন্ধু যাবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটাও একটা বেশ আলোড়নকারী খবর ছিল। সেদিন ১৫ তারিখ শেষ রাতে টেলিফোনের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। কে টেলিফোন করেছিলেন সেটা তখন আর মনে পড়ছে না। টেলিফোন করে আমাকে বারবার জানাচ্ছেন, টিভিটা অন্ করুন, টিভিটা অন করুন। টিভি অন্ করার পরই আমি একটা ঘোষণা শুনতে পেলাম। “শেখ মুজিবকে হত্যা করা হয়েছে।” তারপর আমার মনে আর কিছুই ঢুকছিল না। আমি কাঁপতে কাঁপতে বসে পড়লাম। একটা অশনি আমার মাথার উপর ভেঙ্গে পড়লো। আমার স্ত্রী এবং অন্যরা হঠাত্ খবরটা পেয়েই স্থির হয়ে দাঁড়িয়ে রইলো। বাংলাদেশের ভবিষ্যত্ যে অন্ধকারাচ্ছন্ন হয়ে এলো এটা তখনই বুঝতে পারছিলাম। বাংলাদেশের স্থপতিকে তিন বছরের মাথায় আমরা সরিয়ে দিলাম তাকে কোন সুযোগ না দিয়েই। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার পেছনে তার যে আপ্রাণ চেষ্টা আমরা সেটা অনুধাবন করতে পারিনি। বাংলাদেশ যে স্বাধীনতার মূল্যবোধের উল্টো দিকে হাঁটতে শুরু করবে এটা হত্যাকারীদের কণ্ঠস্বরেই বুঝতে পেরেছিলাম। হয়তো এটা বুঝার জন্য আরো অনেক দুঃসময় আমাদের পার করতে হবে। কিন্তু এই সত্য, আমি বিশ্বাস করি বাংলাদেশের কল্যাণের জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগ এটা কখানোই বিফলে যাবে না, যেতে পারে না। যদি বঙ্গবন্ধুকে আমরা দেশ গড়ার জন্য সময় দিতাম তাহলে বাংলাদেশের ইতিহাস আজ অন্যরকমভাবে লেখা হতো। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা, আমরা এতো দিনে সেটা গড়ে তুলতে পারতাম, যদি বঙ্গবন্ধুর হাতকে আমরা দৃঢ়ভাবে সমর্থন দিতাম। [লেখক: খ্যাতনামা চিত্রশিল্পী]