হোয়াইট হাউসের সামনে আরো একজনের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ৩১ মে ২০১৯, ০০:৪৮

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সামনে আরো এক ব্যক্তি শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার এলিপস পার্কে একজন গায়ে আগুন ধরিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। প্রায় ৭০ জন নিরাপত্তা কর্মী দ্রুত ছুটে আসেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে নাম না জানা ওই ব্যক্তির শরীরের ৮৫ ভাগ পুড়ে গেছে। হোয়াইট হাউস থেকে এক মাইলেরও কম দূরত্বে এই ঘটনা ঘটে। জানা গেছে, ওই ব্যক্তি আগুন থেকে রক্ষার পোশাক পরেছিল। কিন্তু তাতে কাজ হয়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ওই ব্যক্তির পরিচয় এবং কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানার চেষ্টা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। এর আগে গত ১২ এপ্রিল হোয়াইট হাউসের গেটের সামনে হুইল চেয়ারের মতো দেখতে একটি ইলেকট্রিক স্কুটারে বসে একজন তার জ্যাকেটে আগুন ধরিয়ে দিয়েছিলেন। -ডেইলি মেইল।