২-০ তে জিততে চাই :সাকিব

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:০৮

টেস্ট ক্রিকেটে বড় দলগুলোর বিরুদ্ধে এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামার অভিজ্ঞতা খুব বেশি নেই বাংলাদেশ দলের ভান্ডারে। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঢাকায় অসাধারণ জয়ের পর ১-০ তে এগিয়ে থেকে চট্টগ্রামে খেলতে নেমেছিল বাংলাদেশ। যদিও উইকেটের কিছুটা হেরফের করায় চট্টগ্রামে হেরে সিরিজ ড্র করেছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে এখন চালকের আসনে বাংলাদেশ। চট্টগ্রামে ৬৪ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এ যাত্রা আর পা হড়কাতে চায় না সাকিব আল হাসানের দল। ২-০ তে সিরিজ জেতাই বাংলাদেশের টার্গেট। অধিনায়ক সাকিব দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, সিরিজে এগিয়ে থাকলেও বিন্দুমাত্র ছাড় দেবে না বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যেই আজ খেলতে নামবে স্বাগতিকরা।

২০০৯ সালেও ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে টেস্ট সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। তখন অবশ্য সাকিবের নেতৃত্বে টাইগারদের বিরুদ্ধে খেলেছিল খর্বশক্তির ক্যারিবিয়ানরা। নয় বছর পর সেই উইন্ডিজদের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশ।

গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ২-০ তে সিরিজ জেতার প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘বাংলাদেশের জন্য বিশেষ কিছু হবে যদি আমরা মনে করি ২-০ তে জিততে পারি। আমরা চাই ২-০ তে জিততে। তার জন্য যা কিছু করা দরকার, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি।’

মিরপুরে ড্র করে হলেও সিরিজ জয় চায় বাংলাদেশ। যদিও মিরপুরের উইকেটে ম্যাচ ড্র হওয়া কঠিন কর্মই বটে। গতকাল সাকিব বলেন, ‘যদি সেটা কোনোভাবে না হয় তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য যেন ১-০ তে সিরিজ জিতি, কারণ চূড়ান্ত লক্ষ্য সিরিজ জেতা। কিন্তু আমরা রক্ষণাত্মকভাবে সিরিজটা জিততে চাই না। আমরা চাই ইতিবাচক মানসিকতা নিয়ে সিরিজটা জিতি এবং ২-০ তে জিতি।’

মিরপুরে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ। কারণ জয়টাই যে সাকিবদের কাছে মূখ্য। তিনি বলেছেন, ‘অবশ্যই জেতার জন্য খেলব আমরা। যদি ওইরকম কোনো অবস্থা আসে যেখানে হয়তো ড্র করার সম্ভাবনা আছে, তখন সেটা চেষ্টা করা যেতে পারে। তবে ফার্স্ট টার্গেট অবশ্যই জেতার জন্য খেলা।’

চট্টগ্রাম টেস্ট যেমন বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের জ্বালানি, তেমনি তিন দিনে হেরে বিধ্বস্ত উইন্ডিজরা। সাকিব বলেছেন, ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশের উপর কোনো চাপ নেই। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমার তো মনে হয় না চাপ কিংবা অতিরিক্ত কোনো চাপ আছে। গত দুই দিন ড্রেসিংরুমে বসে যা দেখেছি, সবাই খুব রিলাক্স মুডে আছে। খুবই ভালো অবস্থানে আছে, একটা ম্যাচ শুরু হওয়ার আগে টিমের যতটুক আত্মবিশ্বাস থাকা দরকার ঠিক ততটুকুই আমাদের আছে।’

চট্টগ্রামে হারের পর মিরপুরে দল হিসেবে ঘুরে দাঁড়াতে মুখিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব বলছেন, ম্যাচ জিততে কঠোর পরিশ্রম করতে হবে। চিটাগাংয়ের চেয়ে মিরপুরে ভালো পারফরম্যান্স করবে বলে উল্লেখ করেন তিনি। সিরিজ জয়ের সুযোগটা হাতছাড়া করতে চায় না বাংলাদেশ।

সাকিব বলেন, ‘স্বাভাবিকভাবেই উইন্ডিজ দল আরো ভালো করার জন্য উদ্দীপ্ত থাকবে। ওরা ওদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যেন ওরা ভালো করতে পারে, জিততে পারে। আমাদের জিততে হলে চিটাগাংয়ে যেই পারফরম্যান্স করেছি তারচেয়েও ভালো পারফর্ম করতে হবে।’