দোহারে দুই ডাকাত আটক

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৩১
ঢাকার দোহার উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। বৃহস্পতিবার ভোরে উপজেলা সুতারপাড়া হলের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার নারিশা গ্রামের মৃত সৈইজদ্দিনের ছেলে লিটন ওরফে মিঠু ও উত্তর নারিশা গ্রামের আফসার মোল্লার ছেলে মো. আসলাম। জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পুলিশের একটি দল ঢাকা-দোহার সড়কে টহল দিচ্ছিল। উপজেলার নূরপুর মাঠ এলাকা দিয়ে একটি অটোরিক্সা যাওয়ার সময় যাত্রীদের গতিবিধি সন্দেহজনক দেখে পুলিশ তাদের থামতে বলেন। তারা না থামিয়ে অটোরিক্সা নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের ধরতে পিছু নেয়। তাদের থামাতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে সুতারপাড়া হলের বাজার এলাকায় অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এসময় পুলিশ আহত অবস্থায় লিটন ওরফে মিঠু ও মো.আসলামকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।