বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পর বুধবার রাত থেকে সাগরে ছুটতে শুরু করেন জেলেরা।
জাল ফেলতে না ফেলতেই জলদস্যু ‘দারোগা’ বাহিনীর কবলে পড়ে তারা। বৃহস্পতিবার রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মেহের আলী চর সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশ আহরণের সময় অন্তত ৬০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় ওই দস্যু বাহিনী। অর্ধশতাধিক ট্রলার থেকে লুটে নেয় প্রায় ১০ লাখ টাকার ইলিশ। বনবিভাগ ও জেলেদের সূত্রে এ তথ্য জানা গেছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মত্স্য ব্যবসায়ী জাকির হোসেন খান জেলেদের বরাত দিয়ে জানান, উত্তর রাজাপুর এলাকার চারটি ট্রলার থেকে ৪জন মাঝি অপহরণের খোঁজ পেয়েছেন। তবে তাদের নাম, পরিচয় তাত্ক্ষণিকভাবে জানতে পারেননি। জেলেরা তাকে জানিয়েছেন, শরণখোলা, মোরেলগঞ্জ, মঠবাড়িয়ার তূষখালীসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০-৬০টি ট্রলার মেহের আলী এলাকায় মাছ ধরায় নিয়োজিত ছিল।
জাতীয় মত্স্য সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন জানান, জেলে অপহরণের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো তারা পাননি। তবে খোঁজখবর নিয়ে দেখছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. কামাল আহমেদ জানান, অসমর্থিত সূত্রে তিনি জেলে অপহরণের কথা শুনেছেন।
