অনিশ্চয়তায় বেগমগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৩২
এক দশক পর ২০১৩ সালে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবার সম্ভাবনা দেখা দেয়ার পর একাধিকবার তারিখ পরিবর্তনের পরেও এ পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অনেকে কাউন্সিলকে ঘিরে বেগমগঞ্জ আওয়ামী লীগে কোন্দলের অবসান হবার আশা করলেও শেষ পর্যন্ত কবে কাউন্সিল অনুষ্ঠিত হবে তা অনিশ্চিত। এতে নেতা-কর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। জানা যায়, ২০০৩ সালে বেগমগঞ্জ আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার পর গত বছরের ১৮ ফেব্রুয়ারি কাউন্সিলের তারিখ নির্ধারিত হয়। পরে কয়েক দফা তারিখ পিছিয়ে যায়। এখন কবে হবে তা কেউ জানে না। এই কাউন্সিলকে ঘিরে অনৈক্যের সুর স্পষ্ট হয়ে উঠেছে। যদিও বর্ধিত সভায় প্রায় সকল নেতাই ঐক্যের পক্ষেই বক্তব্য দিয়েছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এ বি এম জাফর উল্যা নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে দলীয় কর্মকাণ্ডে আরও দূরে চলে যান।