ফেনীর হাসপাতালে চিকিত্সাধীন হাজতির মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৩২
ফেনী জেলা কারাগারে এতিম আলী মিয়াধন (৩৭) নামে এক হাজতী চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ফেনী জেলা সদর হাসপাতালে মারা গেছেন। ফেনী জেলা কারাগার ও স্থানীয় সূত্র জানায়, দাগনভূঁঞা পৌরসভার উত্তর শ্রীধরপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এতিম আলী মিয়াধন। ফেনী জেলা কারাগারের জেলার দিদারুল আলম জানান, কারাগারের হাজতী এতিম আলী মিয়াধনকে গত ২২ জুন ডাকাতি ও হরতালে নাশকতা ঘটানোর মামলায় আদালত তাকে জেলা কারাগারে পাঠায়। বৃৃহস্পতিবার রাত ১টায় তার বুকে ব্যথা অনুভূত হলে কারাগারে ডাক্তারকে দেখানো হয়। অবস্থার অবনতি দেখে পরে তাকে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাত পৌনে ২টায় চিকিত্সাধীন অবস্থায় ফেনী জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অসীম কুমার সাহা জানান, এতিম আলী মিয়াধন বেশ কিছুদিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন। প্রাথমিক ধারণা মতে মস্তিষ্কে প্রদাহজনিত কারণে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।