তাহিরপুরে ৩০ হাজার শ্রমিকের মানবেতর জীবন যাপন

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৩৪
তিন মাসে তিন শুল্ক স্টেশন বন্ধ দেশের উত্তর-র্পূব সীমান্তে অবস্থিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও ও বাগলী সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানিকৃত কয়লার ৩টি শুল্ক স্টেশন রয়েছে। ভারতীয় আদালতে ভারতের একটি পরিবেশবাদী সংগঠনের মামলাজনিত কারণে বিগত ১৬ মে থেকে দীর্ঘ আড়াই মাস যাবত্ ওই ৩টি শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধ। শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে ওই অঞ্চলের প্রায় ৩০ হাজার শ্রমিক । ঈদের দিনেও হাসি ছিল না ওইসব দরিদ্র খেটে খাওয়া পরিবারের ছেলে-মেয়ের মুখে। অপরদিকে ভারত থেকে কয়লা আমদানির সাথে জড়িত ৫ শতাধিক ব্যবসায়ীর মনে হতাশা নেমে এসেছে। আমদানিকারক সমিতির উপদেষ্টা হাজী জালালউদ্দিন বলেন, সরকারকে ২০১২-১৩ অর্থবছরে ওই ৩টি কয়লা শুল্ক স্টেশন থেকে ১৭৪ কোটি টাকা রাজস্ব দিয়েছে ব্যবসায়ীরা। সরকারের আন্তরিক প্রচেষ্টায় যদি আবারও কয়লা শুল্ক স্টেশনগুলো চালু করা যায় তাহলে একদিকে যেমন কয়লা ব্যবসায়ীরা লোকসানের মুখ থেকে বাঁচবে অপরদিকে এলাকার প্রায় ৩০ হাজার শ্রমিক ফিরে পাবে তাদের কর্মসংস্থানের ঠিকানা।