খুলনার কয়রায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সুন্দরবনের বনদস্যু মোক্তারুল বাহিনীর প্রধান মোক্তারুল ঢালী ওরফে মোক্তার (৩২) নিহত এবং কয়রা থানার ওসি সুবীর দত্তসহ চার পুলিশ আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ভুতুম্মারীর চর এলাকায় এ ঘটনা ঘটে্। পুলিশ ঘটনাস্থল থেকে দেশি তৈরি ৪টি পাইপগান, দেশি তৈরি ৪টি ডেমী বন্দুক, ১৬ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড গুলির খোসা ও ৬টি বোমা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কয়রা থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল খুলনা মহানগরীর হরিণটানা থানার মোস্তফার মোড় এলাকা থেকে বন দস্যু মোক্তারুল বাহিনী প্রধান মোক্তারুলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে কয়রা থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে তার অস্ত্র ভান্ডার ও সহযোগিদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। বৃহস্পতিবার রাত পৌঁনে ১২টার দিকে পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সুন্দরবনের ঝপঝপিয়া নদীর ভূতুম্মারীর চর এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোক্তারুল বাহিনীর সদস্যরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। তখন পুলিশও বনদস্যুদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এ সময় মোক্তারুল বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বন্দুকযুদ্ধ চলাকালে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবীরদত্ত, এসআই আব্দুল গনি ও এসআই হাফিজুর রহমানসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মোক্তারুলকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্ত জানান, নিহত মোক্তারুল কয়রা সদর ইউনিয়নের ২ নম্বর কয়রা গ্রামের মতি ঢালীর ছেলে। তার বিরুদ্ধে বিরুদ্ধে চারটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে।
