সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৩৬
ফরিদপুরে কৃষকদের মাঝে সহায়তা কার্ড বিতরণ ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ ফরিদপুর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়। বিতরণ করেন কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান সাপিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার প্রমুখ। আমলা সরকারি কলেজে পরিচিতি ক্লাস উদ্বোধন মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা সরকারি ডিগ্রী কলেজের একাদশ ও ডিগ্রী (পাস) প্রথম বর্ষের ছাত্র/শিক্ষক পরিচিতিমূলক ক্লাস উদ্বোধন হয়েছে। কলেজের হলরুমে গতকাল সকালে এ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহ্, আমলা ইউপি সদস্য সিদ্দিক আলী, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, আমলা সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিয়াউন নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আকরাম হোসেন, দর্শন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদা পারভীন, দর্শন বিভাগের প্রভাষক মুর্শিদা খাতুন, অর্থনীতি বিভাগের প্রভাষক মমতা নাহার, সমাজ বিজ্ঞান বিভাগের অতিথি প্রভাষক লোকমান হাকিম, ইংরেজি বিভাগের প্রভাষক লিপটন আল্লামা আল সাঈদ প্রমুখ। গাজায় ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ গাজায় মার্কিন মদদপুষ্ট ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। শুক্রবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে জাতিসংঘের সমালোচনা করেন অংশগ্রহণকারীরা। উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি কাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী শেখ রোবায়েতুর রহমান, উদীচীর সদস্য আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান জোয়ার্দার, শফিকুল ইসলাম দুলু, ওয়ার্কার্স পার্টির নেতা রুহুল আলম মাষ্টার এবং সিপিবি নেতা দেলোয়ার হোসেন জাভিস্কো বক্তব্য রাখেন। রামগড়ে স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা আহত রামগড় (রাঙ্গামাটি) সংবাদদাতা \ রামগড়ে বৃহস্পতিবার প্রতিপক্ষ গ্রুপের হামলায় উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত উপজেলা যুবলীগের সদস্য ঝন্টু পালকে (৩০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শ্যামল দাস (২৫) রামগড় উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। গোপালগঞ্জে সংঘর্ষে আহত-৪০ গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বন্ধক নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল, রাবার বুলেট ও গুলিবর্ষণ করে। গতকাল শুক্রবার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহতদের গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, ওই গ্রামের সাইফুল সিকদার ও হারুন মোল্লার মধ্যে জমি বন্ধক নিয়ে বৃহস্পতিবার বিরোধ বাধে। এ খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের সহস াধিক লোক সকাল ৭টার দিকে ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তালায় সড়ক পরিবহন শ্রমিকলীগের উপ-কমিটি গঠন তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা সড়ক পরিবহন শ্রমিকলীগের উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইনছুর আলী একবছরের জন্য এ কমিটির অনুমোদন দেন। কমিটির সভাপতি মো. আ. সালাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও মো. ইউনুছ আলী সরদার সাংগঠনিক সম্পাদকসহ ৩০ সদস্যবিশিষ্ট উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া উক্ত কমিটিতে ৫ জনকে উপদেষ্টা করা হয়েছে। বানারীপাড়ায় পৌরসভা প্যানেল মেয়র অস্ত্র মামলায় খালাস বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র জাকির হোসেন মোল্লা র্যাবের অস্ত্র মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। বৃহস্পতিবার বরিশাল প্রথম অতিরিক্ত দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোঃ মতিউর রহমান অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন। ২০১৩ সালের ৩ এপ্রিল বানারীপাড়ার ঐতিহ্যবাহী সূর্যমনির মেলার মাঠ থেকে আয়োজক কমিটির সভাপতি ও প্যানেল মেয়র জাকির হোসেন মোল্লাকে বরিশাল র্যাব-৮-এর একটি দল আটক করেন। ময়মনসিংহে আদিবাসীদের সংবাদ সম্মেলন ময়মনসিংহ প্রতিনিধি \ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নয় আদিবাসী হিসাবেই সাংবিধানিক স্বীকৃতিসহ ৬ দফা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটি। শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটির সভাপতি হিল্লোল নকরেক লিখিত বক্তব্যে আদিবাসী হিসাবেই সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় গঠন, সংসদে ৫ % আসন বরাদ্দসহ ৬ দফা দাবি উপস্থাপন করেন। বেড়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনা বেড়ায় গতকাল শুক্রবার বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বেড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর পাবলিক লাইব্রেরির হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের এমপি এ্যাড. শামসুল হক টুকু। বিশেষ অতিথি ছিলেন বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান আবু শামা মোল্লা। মুকসুদপুরে দিনমজুর গৃহবধূর বাড়িঘর ভাংচুর মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গুচ্ছগ্রামে গতকাল শুক্রবার দুই সন্তানের জননী দিনমজুর গৃহবধূ মনিকা বাগচীকে (৩২) তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করে এবং বাড়িঘর ভাংচুর করে। মনিকা বাগ্চী জানায়, ১৯৮৮ সালে উপজেলার দক্ষিণ জলিরপাড় গুচ্ছগ্রামে স্বামী ঠাকুর বাগ্চী ও এক ছেলে, এক মেয়েকে নিয়ে বসবাস করে আসছিল। হিফজুল কুরআনে চুয়াডাঙ্গা জেলায় প্রথম নাফিজ জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে হিফজুল কুরআন বিভাগ হতে পরীক্ষা দিয়ে চুয়াডাঙ্গা জেলায় প্রথম স্থান অধিকার করেছে নাফিজ। বৃহস্পতিবার এ ফলাফল মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে আসে। নাফিজউদ্দিন জীবননগর উপজেলার বাঁকা দারুল উলুম ইসলামিয়া কওমী মাদরাসা হতে পরীক্ষা দিয়ে এ সাফল্য অর্জন করেছে। ইসরাইলী গণহত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ-সমাবেশ গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা\ গাজা উপত্যকায় মাসব্যাপী ইসরাইলের নৃশংস হামলা ও গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গৌরীপুর বাসী। জুমার নামাজ শেষে উপজেলার আলেম-ওলেমাসহ বিভিন্ন মসজিদের ঈমাম ও মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি স্থানীয় শহীদ হারুন পার্ক চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কমলগঞ্জ জাতীয় পার্টির সম্মেলন কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা\ কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ইসলাম কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুরুদ আলীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক সৈয়দ শাহাব উদ্দিন আহমদ। লোহাগড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা\ নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার রাতে লোহাগড়া বাজারের দু’জন স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রাতে লোহাগড়া বাজারের রায় জুয়েলার্স এর মালিক রতন সাহা (৫০) ও ম্যানেজার অমল বিশ্বাস (৩৫) দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাজার সংলগ্ন পোদ্দার পাড়ার প্রবীর সাহার বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দোকানের চাবি ও প্রায় ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় । চৌদ্দগ্রামে আইডিয়াল ক্লিনিকের স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলিং চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রাম বাজার আইডিয়াল হোমিও ক্লিনিক এন্ড কনসালটেশন বোর্ডের উদ্যোগে গতকাল শুক্রবার স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলিং ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ক্লিনিকের চেয়ারম্যান ডাঃ সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা ইস্পাহানী স্কুল এন্ড কলেজের প্রভাষক হুমায়ন মোর্শেদ চৌধুরী। চাটমোহরে ব্যবসায়ী হত্যা মামলায় আটক ১ চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহরের ব্যবসায়ী প্রণব সাহা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শুক্রবার একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামের আক্কেল আলীর ছেলে জহির উদ্দিন (২৭)। এ নিয়ে প্রণব হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৪ জনকে গ্রেফতার করা হলো। ইতিপূর্বে গ্রেফতার করা হয়, চাটমোহর পৌর এলাকার ছোট শালিখা মহল্লার তোরাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০), কুমারগাড়া গ্রামের জিন্নাত আলী মকবুলের ছেলে শরীফ হোসেন ও পাবনার হেমায়েতপুর গ্রামের আহমদ আলীর ছেলে মনোয়ার হোসেন। ডুমুরিয়ায় উন্নয়ন ফোরামের আত্মপ্রকাশ ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ডুমুরিয়া উন্নয়ন ফোরাম নামের একটি নতুন সংগঠন গতকাল শুক্রবার ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভার মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ফোরামের সভাপতি গাজী গওহরের সভাপতিত্বে সভা আয়োজন করা হয়। মত্স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। মৌলভীবাজারে নাটাবের অ্যাডভোকেসি সভা মৌলভীবাজার প্রতিনিধি \ জেলার বিভিন্ন নারী সংগঠকদের নিয়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) মৌলভীবাজার শাখা আয়োজিত দিনব্যাপী যক্ষ্মা বিষয়ক এ্যাডভোকেসি সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জনের সম্মেলন কক্ষে নারী সংগঠনের অংশগ্রহণে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) মৌলভীবাজার শাখার সভাপতি রেজা আহমদ বেনজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) মৌলভীবাজার শাখা সম্পাদক এ্যাডভোকেট মোঃ আবু তাহের। মুক্তাগাছায় তৌহিদী জনতার সমাবেশ মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে মুক্তাগাছার সর্বস্তরের তৌহিদী জনতা সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর বড় মসজিদ প্রাঙ্গণে সমাবেশের প্রারম্ভে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ, মুফতি আকরাম হুসাইন, মাওঃ শরিফুর রহমান, মাওঃ রুকন উদ্দীন, মাওঃ রফিক উদ্দিন, মাওঃ নাসির উদ্দিন প্রমুখ। সেতাবগঞ্জ কেন্দ্রে বিএ পরীক্ষায় ১৩ জন বহিষ্কার বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা\ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বি.এ. পাস কোর্স পরীক্ষায় সেতাবগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলা ভাষা ২য় পত্র পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রৌফ মন্ডল শুক্রবার পরীক্ষার কেন্দ্রে মোট ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষায় ব্যাপক হারে নকল করার অভিযোগে তাদের বহিষ্কার হয়েছে। দিনাজপুরে বৃক্ষ মেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ দিনাজপুর বড় ময়দানে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে ১০ দিনব্যাপী ফল ও বৃক্ষ মেলা-২০১৪ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। দিনাজপুর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক প্রমুখ। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী অন্যান্য অতিথিদের সাথে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ মুন্সীগঞ্জ প্রতিনিধি \ \ সেনাবাহিনীর জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়ার প্রতিবাদে শুক্রবার ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার দোগাছি সমষপুরে অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী। এতে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। অবরোধকারীরা জানায়, পদ্মা সেতুর জন্য সেনানিবাস স্থাপনে সেনবাহিনীর জন্য দক্ষিণ পাইকসা ও সমষপুরসহ আসপাশে মৌজায় প্রায় ৬০ একর জমি অধিগ্রহণের প্রস্তুতি এবং লাল নিশানা স্থাপন করে। কিন্তু এই অধিগ্রহণ হলে অনেকে ভূমিহীন হয়ে পড়বে। লাল নিশানা সরিয়ে নেয়া শর্তে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়। যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের ঘোরদৌড় বাজারের সামনের সড়কে যুবলীগ নেতা রাজীবের উপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে লৌহজং উপজেলা স্থানীয় যুবলীগ। এ সময় মুন্সীগঞ্জ-মাওয়া সড়কে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধন কর্মসূচিতে যুবলীগ নেতা রাজীব হোসেনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন নেতারা। হোমনায় এমপির সাথে শিক্ষকদের মতবিনিময় হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা- তিতাস উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও হোমনা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আমির হোসেন ভুঁইয়ার সাথে কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা শুক্রবার অনু্ষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বক্তব্য দেন অধ্যক্ষ মো. কামাল হোসেন, সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, খুরশিদুজ্জামান, মনোয়ার হোসেন, ফরিদ মিয়া, আঃ গণি ভূঞা, সৈয়দ মো. তৈহিদুজ্জামান মিয়া, প্রভাষক মো. রেজাউল করিম ও খায়রুল হাসান প্রমুখ। মোটর সাইকেল ছিনতাই বন্ধে রংপুর-ঢাকা সড়ক অবরোধ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গোবিন্দগঞ্জে মোটর সাইকেল ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে গত বৃহস্পতিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকরা। ওইদিন রাত আনুমানিক ৮টায় মহাসড়কের কাটাখালী ব্রিজ এলাকায় একদল সশস্ত্র ছিনতাইকারী উপজেলার সমেশপাড়া গ্রামের লাল মিয়াকে মারধর করে মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। লাল মিয়া ওই মোটর সাইকেল দিয়ে ভাড়ায় লোকজন পরিবহন করত। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। বাগেরহাটের গ্রামীণ ব্যাংকে দুই কর্মকর্তার হাতাহাতি বাগেরহাট প্রতিনিধি\ বাগেরহাটে গ্রামীণ ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে পিটিয়ে আহত করেছে ওই ব্যাংকের এক কর্মকর্তা। আহত অবস্থায় গ্রামীণ ব্যাংকের বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামকে বৃহস্পতিবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর দশানী এলাকায় গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে শাখা ব্যবস্থাপকের ওপর ওই হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গ্রামীণ ব্যাংকের কাড়াপাড়া শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম অভিযোগ করেন বৃহস্পতিবার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এসময় ওই শাখার সেকেন্ড অফিসার মো. সাইফুজ্জামান তার কক্ষে ঢুকে প্রথমে দুই দিন এবং পরে পাঁচ দিনের ছুটি দাবি করেন। সে পাঁচ দিনের ছুটি মঞ্জুর করতে অপারগতা প্রকাশ করলে সাইফুজ্জামান তার ওপর ক্ষিপ্ত হয়ে চেয়ার তুলে তাকে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে সেকেন্ড অফিসার মো. সাইফুজ্জামান তার বিরুদ্ধে শাখা ব্যবস্থাপকের আনা অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার সময় শাখা ব্যবস্থাপকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে মাত্র। মদনে বিদ্যুত্ সংযোগ না থাকায় টার্মিনাল উদ্বোধন হচ্ছে না মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার মদন পৌর আন্তঃজেলা বাস টার্মিনালটি প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে ৮ মাস পূর্বে নির্মাণ কাজ সম্পন্ন হলেও বিদ্যুত্ সংযোগ না দেয়ায় উদ্বোধন করা হচ্ছে না। এতে ব্যবসায়ী-পথচারীসহ যাত্রী সাধারণ দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে রাস্তার ওপর গাড়ি পার্কিং থাকায় শিক্ষার্থী ও বৃদ্ধদের রাস্তা পারাপারে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছে। পৌর অফিস সূত্রে জানা যায়, ৮ মাস পূর্বে পৌর আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হলেও বিদ্যুত্ সংযোগ না দেয়ায় এর উদ্বোধন হচ্ছে না। পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক জানান, বার বার বলার পরেও বিদ্যুত্ সংযোগ না দেয়ায় এর উদ্বোধন বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে মদন পল্লী বিদ্যুত্ অফিসের ডিজিএম মোঃ মোশারফ হোসেন প্রতিবারের মত এবারও জানান, এক সপ্তাহের মধ্যে বিদ্যুত্ সংযোগ দেয়া হবে। মুজিবনগর সীমান্ত থেকে ২৪ বস্তা সার উদ্ধার মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত থেকে গতকাল শুক্রবার সকালে ২৪ বস্তা ভারতীয় ইউরিয়া সার উদ্ধার করেছে বিজিবি। আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ ও ১০৬ নম্বর এলাকা থেকে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডের পৃথক অভিযানে সার উদ্ধার করা হয়। বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সূত্রে জানা গেছে, চোরাচালানিরা ভারত থেকে ইউরিয়া সংগ্রহ করে সীমান্ত এলাকায় গচ্ছিত করে। গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার শওকত আলীর নেতৃত্বে সীমান্তের সোনাপুর ও মুজিবনগর মাঠে অভিযান চালানো হয়। এ সময় সোনাপুর থেকে ১৪ বস্তা ও মুজিবনগর মাঠ থেকে ১০ বস্তা ভারতীয় ইউরিয়া সার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সার নকল বলে ধারণা করছে বিজিবি। সুজানগর উপজেলা পরিষদের তোরণ নির্মাণের উদ্বোধন সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনা সুজানগর উপজেলা পরিষদের তোরণ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রকৌশল বিভাগের উদ্যোগে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে ওই তোরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, আ’লীগ নেতা আব্দুল কাদের রোকন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার রফিকুল ইসলাম বাচ্চু।