নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার ----------------আইনমন্ত্রী

আপডেট : ৩১ মে ২০১৯, ০০:৫৬

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ হত্যাকাণ্ডে জড়িত কোনো অপরাধী যাতে ছাড়া না পায় সে বিষয়ে প্রসিকিউশনকে বলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অস্টিয়ার রাজধানী ভিয়েনায় দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। অস্টিয়া আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সব সময় সব রকম সহযোগিতা করবে। তিনি প্রবাসীদের নিজ দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করার আহবান জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে দেশে ও বিদেশে কাজে লাগাতে চায়। এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালে যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন তা বাস্তবায়ন করতে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য। তাই আপনারা বিদেশ থেকেও বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবেন।