বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী নলছিটিতে শিল্পমন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৪৬
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্যই এ উন্নয়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এ ধারা অব্যাহত থাকবে। পাওতা মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ঘোষণায় আওয়ামী লীগ দেশবাসীকে সঙ্গে নিয়ে এ দেশ স্বাধীন করেছে। ফলে মানুষের জন্য এ দলটির প্রধানের যে মায়া মমতা রয়েছে তা আর কোন দলের থাকতে পারে না। তাই যখনই এ দলটি ক্ষমতায় আসে, তখনই দেশের মানুষ ভাল থাকে এবং দেশের উন্নয়ন হয়। এ জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মিল্লাত হোসেন, নলছিটি উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, ঝালকাঠি সদর উপজেলা যুবলীগ সভাপতি মামুন হাসান লাবলু প্রমুখ। পরে একইস্থানে কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সদ্য প্রয়াত ফয়সাল মাহমুদের স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে মন্ত্রী প্রয়াত ফয়সাল মাহমুদের বারৈকরণ গ্রামের বাড়িতে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এসময় ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিদ্দিক হোসেন, জেলা কৃষক লীগ সভাপতি ও পিপি অ্যাডভোকেট আ:মন্নান রসুল তার সঙ্গে ছিলেন।