পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন বাংলাদেশে জঙ্গিদের কোনো কার্যক্রম নেই। কার্যক্রম না থাকলে দাতারা তহবিল দেয় না। তাই তহবিল সংগ্রহ ও পুলিশকে ভয়ভীতি দেখানোই গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলার লক্ষ্য বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি। গতকাল সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় আলামত সংগ্রহ করে কাজ করছে সিআইডি। এই হামলার ধরন দেখে কী মনে হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিআইডি প্রধান বলেন, পুলিশকে ভয়ভীতি দেখানোর জন্য ও মানসিকভাবে দুর্বল করতে এই হামলাগুলো করা হচ্ছে। জঙ্গি কার্যক্রমের সঙ্গে যারা জড়িত বাংলাদেশে দীর্ঘদিন তারা কোনো তত্পরতা মিডিয়ায় আনতে পারে নাই। এ ধরনের ছোটখাট কাজ করে তারা আবার তাদের ডোনার যারা তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
