ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন আরব পার্লামেন্টের প্রেসিডেন্ট আহমেদ আল জারবান। বৃহস্পতিবার এ আহবান জানান তিনি। খবর বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকমের। ওইদিন এক বিবৃতিতে গাজায় ফের গোলাবর্ষণ শুরু করা থেকে বিরত রাখা ও যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার জন্য তিনি ইহুদি রাষ্ট্রটির ওপর চাপ প্রয়োগের এই আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনগুলো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধের আহ্বান জানান। বিশেষ করে গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে চালানো হামলাগুলো বিবেচনায় নেয়ার আহ্বান জানান জারবান। আন্তর্জাতিক সমপ্রদায়কে গাজায় ইসরাইলি হামলার দায় স্বীকার করে হামলায় বিধ্বস্ত ভূখণ্ডটিতে পুনঃনির্মাণ কাজ শুরু করার আর্জি জানান তিনি। এদিকে চলমান তিনদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার তিনঘন্টা আগে গাজা থেকে তাদের ভূখণ্ডে দু’টি রকেট ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরাইল। শুক্রবার বিবিসি জানিয়েছে, রকেট নিক্ষেপে করে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য “সন্ত্রাসীদের” দায়ী করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মিসরের মধ্যস্থতায় মঙ্গলবার থেকে শুরু হওয়া ৭২ ঘন্টা বা তিনদিনের যুদ্ধবিরতির মেয়াদ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় শেষ হওয়ার কথা রয়েছে।
