মোদির মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে ২ রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরি শরিক দল থেকেও ৩ মন্ত্রী

আপডেট : ৩১ মে ২০১৯, ০০:৫৭

দ্বিতীয় এনডিএ সরকারে পশ্চিমবঙ্গ থেকে ২ জন রাষ্ট্রমন্ত্রী হলেন। প্রথম জন বাবুল সুপ্রিয়। দ্বিতীয় জন হলেন রায়গঞ্জের বিজেপি এমপি দেবশ্রী চৌধুরি। তবে তাঁরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা এখনও নির্ধারিত হয় নি। আসানসোলের এমপি বাবুল প্রথম মোদী সরকারেও মন্ত্রী ছিলেন। দেবশ্রী এই প্রথমবার এমপি হয়েছেন। প্রথমবারেই মন্ত্রী। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের লোক।

এবার নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় ৫৮ জন ঠাঁই পেয়েছেন। ২৫ জন পূর্ণমন্ত্রী। ৩৩ জন রাষ্ট্রমন্ত্রী। এর মধ্য ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। পশ্চিমবঙ্গ থেকে কেউ পূর্ণমন্ত্রী হননি। বিজেপি সূত্রে জানা গেছে, পরবর্তীতে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। তখন পশ্চিমবঙ্গ থেকে আরও কয়েকজন ঠাঁই পেতে পারেন।‌ উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে এবার ১৮ জন বিজেপির এমপি হয়েছেন। তাঁর অনেকেই আশা করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে আরও কয়েকজন মন্ত্রী হতে পারেন। আলোচনায় ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়ের নাম। লকেট চ্যাটার্জির নামও আলোচনায় এসেছিল। দ্বিতীয় দফায় এঁদের মধ্যে থেকে কেউ মন্ত্রী হতে পারেন।

লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ান পূর্ণমন্ত্রী হয়েছেন। তিনি এনডিএ-র শরিক দলের সদস্য। এর আগে একাধিক বার মন্ত্রী হয়েছেন। তিনিই নরেন্দ্র মোদির মন্ত্রীসভায সব থেকে বেশি বয়েসী। শরিক শিরোমনি আকালি দলের নেত্রী হরসিমরত সিং বাদলও পূর্ণমন্ত্রী হয়েছেন। আরেক শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রামদাস আঠাওয়ালে হয়েছেন রাষ্ট্রমন্ত্রী। নরেন্দ্র মোদির বিগত মন্ত্রীসভায়ও তিনি ছিলেন।