আজকের শিশু আগামীর উজ্জ্বল ভবিষ্যত্। সদ্যজাত শিশুটির মধ্যে লুকিয়ে আছে অমিত সম্ভাবনা। আর এ সম্ভাবনাকে কাজে লাগাতে সকলকে আরো সচেতন হতে হবে। শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধ শিশুর জন্য শ্রেষ্ঠ খাবার। জন্মের পর পর মায়ের বুকের দুধ যাকে বলা হয় কলোস্ট্রাম বা শাল দুধ। তা অবশ্যই শিশুকে খাওয়াতে হবে। তাছাড়া জন্মের পর প্রথম ৬ মাস শিশুকে শুধুই মায়ের দুধ খাওয়াতে হবে। এমনকি পানিও না। এ সময়ে শিশুর চাহিদা পূরণে সবকিছু উপাদান এ দুধে বিদ্যমান থাকে। তাছাড়া ৬ মাস থেকে শিশুকে বাড়তি খাবারসহ পুরো ২ বছর মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। মায়ের দুধে ২০০টিরও বেশি প্রয়োজনীয় উপাদান রয়েছে। এ জীবন্ত উপাদানগুলো শিশুর রোগ প্রতিরোধে, শিশুর দেহ গঠনে, শিশুর বুদ্ধিমত্তা বিকাশে অত্যন্ত সহায়ক। তাই এগুলো থেকে শিশুকে কোনভাবেই বঞ্চিত রাখা যাবে না। মায়ের দুধ শিশুর জীবন রক্ষা করে। অপুষ্টি থেকে বাঁচায়, রোগ প্রতিরোধ করে, মা ও শিশুর মধ্যে অনাবিল বন্ধন তৈরি করে। মায়ের দুধ খাওয়াতে সচেতনতা বৃদ্ধি করতে ১৯৯২ সাল থেকে প্রতিবছর ১-৭ আগষ্ট সারাবিশ্বে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও পালিত হলো সপ্তাহটি এবং স্লোগান ছিল—‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার: লক্ষ্য হবে সফল জীবন গড়ার’। সুস্থ সবল শিশুর জীবন গড়তে ও শিশুমৃত্যু হ্রাসে মায়ের দুধ শিশুর আদর্শ খাবার। তাই আসুন মায়ের দুধ সম্পর্ক প্রচারণা চালাই, অজানা ব্যক্তিকে জানাই, সুস্থ সবল প্রজন্ম বানাই। এ ব্যাপারে সকলকে সচেতন করে তুলি।
মোহনগঞ্জ, নেত্রকোনা
