সিলেটের কালাগুল চা বাগানে গতকাল শুক্রবার কর্মরত শ্রমিক ও পুলিশের ওপর বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালালে ৫০ জন চা-শ্রমিক আহত হয়েছেন। এ সময় পুলিশ বহনকারী লেগুনা, মোটরসাইকেল, চা বাগানের ম্যানেজারের বাংলো ভাংচুর করা হয়।
সাধারণ শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) আওতাভুক্ত চা শ্রমিক সংঘের নেতাদের ডাকা ধর্মঘটে ৩৯ দিন ধরে অচল হয়ে আছে কালাগুল চা বাগান। দৃশ্যত এই ধর্মঘট থেকে সরে এসে শুক্রবার সকালে বেশ কিছু শ্রমিক চা পাতা উত্তোলনের জন্য জড়ো হলে দুপুরে শ্রমিক সংঘের লোকজন তাদের বাধা দেয়। এক পর্যায়ে বাগানের কর্মকর্তারা উভয়পক্ষকে নিয়ে বৈঠক শুরু করেন। বৈঠক চলার সময় হঠাত্ করে বহিরাগত সন্ত্রাসীরা বাগানে হামলা চালায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমতউল্লাহ জানান, কালাগুল চা বাগানে সাধারণ শ্রমিকরা চা পাতা উত্তোলন করতে গেলে শ্রমিক সংঘের ব্যানারে সন্ত্রাসীরা বাধা দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আছেন। তিন শতাধিক পুলিশ ও আর্মড পুলিশ বাগানে অবস্থান করছে।
