কক্সবাজার শহরে আগামি এক সপ্তাহের মধ্যে পাহাড় কাটা বন্ধ করা এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, ভূমি সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কক্সবাজারের জেলা প্রশাসকসহ আট সরকারি কর্মকর্তাকে উকিল নোটিস পাঠিয়েছে পরিবেশ আইনবিদ সমিতি বেলা। বেলার আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃ ইকবাল কবির বৃহস্পতিবার বিকালে এ নোটিস পাঠান।
বেলা’র নোটিসে কক্সবাজার সদর উপজেলাধীন কক্সবাজার ঝিলংজা মৌজায় অবস্থিত সকল পাহাড় কর্তন অনতিবিলম্বে বন্ধ করে এর যথাযথ সংরক্ষণের জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পাহাড় কাটার ফলে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা নিরূপণ করে আদায়, দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান এবং ইতিমধ্যে পাহাড়ের যে অংশটুকু কেটে ফেলা হয়েছে সেখানে দেশীয় প্রজাতির বৃক্ষ দ্বারা বনায়নেরও দাবি জানানো হয়েছে। টেকনাফে বনের জমিতে দোকান
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার লেদায় সংরক্ষিত বনের জমি দখল করে প্রায় শতাধিক দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগ সূত্র জানায়, টেকনাফ রেঞ্জের মোচনী বিটের লেদায় ২০০৩-০৪ সালে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় আকাশমনির বাগান করা হয়। এ বাগানের গাছ কেটে ওইসব দোকান নির্মাণ করা হচ্ছে।
