জেলায় গুইমারাতে চাঁদাবাজির অভিযোগ ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র কর্মী চিকন চাকমাকে (১৬) গ্রেফতারের প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনা-পুলিশের লাঠি চার্জে অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়েছেন বলে এক প্রেস বার্তায় দাবি করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক বিপুল চাকমা।
সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রিয়েল ত্রিপুরা (১৯) নামে পিসিপি’র এক নেতাকে আটক করে। তিনি পিসিপি’র খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক। পিসিপি নেতাকে আটক করায় সংগঠনটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ফেনী সড়কের বিভিন্ন স্থানে দূরপাল্লার একটি যাত্রীবাহী চেয়ার কোচসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে বলে জানা গেছে।
এদিকে পিসিপি নেতা রিয়েল ত্রিপুরাকে আটক ও গুইমারার বিক্ষোভ সমাবেশে পুলিশী হামলায় ১২ জন নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার জেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে খাগড়াছড়ি জেলা পাহাড়ী ছাত্র পরিষদ। জেলা সদরে গতকাল বিকালে পিসিপি’র এক প্রতিবাদ সমাবেশ এ কর্মসূচি ঘোষণা করা হয়।
