আব্দুল আলিমকে ভুলে দেশে শুদ্ধ সংস্কৃতির চর্চা অসম্ভব

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:৩৫
লোকসঙ্গীতের অবিস্মরণীয় শিল্পী আব্দুল আলীম-এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে সিলেটে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল আলীম অসাধারণ কণ্ঠস্বর নিয়ে জন্মেছিলেন। আব্দুল আলীম যখন গান গাইতেন, তখন মনে হতো পদ্মা মেঘনার ঢেউ যেন আছড়ে পড়ছে শ্রোতার বুকে এই মহান শিল্পীর স্মৃতি সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মকে আমরা প্রকৃত বাঙালি হিসাবে গড়ে তুলতে পারবো। আব্দুল আলীম-আব্বাস উদ্দিনকে ভুলে গিয়ে এই দেশে শুদ্ধ সংস্কৃতির চর্চা অসম্ভব। সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আব্দুল আলীম ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি সিলেটের কৃতী সন্তান জনতা ব্যাংকের পরিচালক ও আব্দুল আলীম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সৈয়দ বজলুল করিম বিপিএম বলেন, বর্তমান প্রজন্মের কাছে মহান শিল্পী আব্দুল আলীমের সুর পৌঁছে দেয়া জরুরি। পাকিস্তান রেডিও-তে শিল্পীর অসংখ্য গানের রেকর্ড রয়েছে। এইসব রেকর্ড ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে । এই শিল্পীর স্মৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল আলীম ফাউন্ডেশনের সভাপতি ও শিল্পীর জ্যৈষ্ঠ সন্তান জহির আলীম । তিনি বলেন, আব্দুল আলীম বাংলা লোক সঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যেখানে জীবন জগত্ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিচালক মীর শাহ আলম, বিশিষ্ট লোক সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে শিল্পী আব্দুল আলীমের গাওয়া গান নিয়ে আয়োজন করা হয় সঙ্গীতানুষ্ঠানের। শিল্পীর সন্তানসহ ঢাকা ও সিলেটের শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন । আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী সৈয়দ সাইমুম আঞ্জুম ইভান।