ফটিকছড়িতে সড়ক নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:৪৫
দীর্ঘদিন যাবত্ উপজেলার অন্যতম ব্যস্ত বিবিরহাট-কাঞ্চন নগরহাট ও পাইন্দং ইউপি-কাঞ্চননগর ইউপি সড়কের কাঞ্চননগর অংশের কাজ ম্যাকাডম করে ফেলে রাখায় জনভোগান্তি চরমে। জানা গেছে, গত ২০১০-১১ অর্থবছরে বিবিরহাট-কাঞ্চননগরহাট সড়কের দুই কি.মি. সড়কের কার্পেটিং কাজের জন্য ৬৫ লাখ ৮১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। অপরদিকে পাইন্দংইউপি-কাঞ্চননগর ইউপি সড়কটির কাঞ্চননগর অংশে ২.৮২ কি.মি. কার্পেটিংয়ের জন্য বরাদ্দ দেয়া হয় এক কোটি ১৯ লাখ টাকা। কিন্ত কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদাররা রাস্তা দুটি ম্যাকাডম করে একবছরেরও অধিক সময় ধরে অজ্ঞাত কারণে কাজ বন্ধ করে ফেলে রাখে। ইতোমধ্যে কার্যাদেশের মেয়াদ একাধিকবার বাড়ানোর পরও অনেক আগেই তা শেষ হয়ে গেছে। অপরদিকে রাস্তা দুটির পশ্চিম দিকে ধুরুং খালের উপর ব্রিজ নির্মাণ কাজ শেষ হলেও সেটি এখনো চালু হয়নি। ফলে উল্লেখিত রাস্তাটির কাজও বন্ধ করে রাখায় পশ্চিম-উত্তর কাঞ্চননগরের অন্তত ত্রিশ হাজার মানুষ কার্যত বন্দী অবস্থায় চার বছর ধরে দুঃসহ দিন কাটাচ্ছে। তাছাড়া এলাকার কৃষকদের উত্পাদিত পণ্য বিক্রিতেও প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। চলতি বর্ষায় মানুষের ভোগান্তি আরো চরমে পৌঁছে। এব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস রাস্তা দুটির কাজ যথাসময়ে সম্পন্ন না করায় উক্ত ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে পুনরায় টেন্ডার এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে ১০% জরিমানার সুপারিশ করে ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ফাইল পাঠানো হয়েছে বলে জানান।