মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পদ্মার উত্তাল ঢেউয়ের কারণে গতকাল শনিবার সকাল ১১ টা হতে সিবোট চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআইডব্লিউটিএ।
মাওয়া নৌ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাহাঙ্গীর হোসেন জানান, পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের কারণে সিবোট চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। কিন্তু এর পরেও নিষেধাজ্ঞা মানছে না সিবোট চালকরা। মাঝে মাঝে ঘাট থেকে ঝুঁকি নিয়ে ছেড়ে যাচ্ছে বোট। পরে বেলা ১২টার দিকে বিআইডব্লিউটিএ’র একজন পরিচালক পুলিশের সহযোগিতা নিয়ে সিবোট চলাচল বন্ধ করে দেয়।
ডাম্প ফেরি চলাচল বন্ধ
এদিকে মাওয়ায় পদ্মা উত্তাল থাকায় তিনটি ডাম্প ফেরি চলাচল বন্ধ আছে। বাকি চারটি ডাম্প ফেরি চলছে সতর্কতার সাথে। এছাড়া রো রো ফেরিসহ অন্য ৯টি ফেরি স্বাভাবিকভাবে চলাচল করছে উল্লেখ করে বেলা দুপুরে বিআইডব্লিউটিসির এজিএম একেএম আশিকুজ্জামান চৌধুরী জানান, পদ্মায় ঢেউ কমে আসলে ফেরি ৩টি আবার চলাচল করবে। তবে ঘাটে যানবাহন কম থাকায় এতে তেমন কোন সমস্যা হচ্ছে না।
