বন্দুকযুদ্ধে বনদস্যু গুলিবিদ্ধ আটক দুই, অস্ত্র উদ্ধার

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:৪৭
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সিংহলতলী এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গতকাল শনিবার বনদস্যু জিয়াবাহিনীর সদস্য মিন্টু (৩৩) গুলিবিদ্ধ হয়েছে। এসময় পুলিশ তাকেসহ দুই বনদস্যুকে আটক করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপগান এবং ৪ রাউন্ড গুলি। গুলিবিদ্ধ মিন্টু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাদনীমুখা গ্রামের আব্দুল মান্নান গাজীর ছেলে। আটককৃত অপর বনদস্যু হলেন- মিন্টুর আপন সহোদর সন্টু (২৫)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবনের সিংহলতলী এলাকায় অভিযান চালালে বনদস্যু জিয়াবাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশ ও বনদস্যুদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে মিন্টু গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় শ্যামনগর থানার এসআই জাভিদ হাসান, এএসআই মিজান ও কনস্টেবল তোফাজ্জেল আহত হয়েছেন বলে তিনি আরো জানান। শ্যামনগরে অস্ত্রসহ গুলিবিদ্ধ বনদস্যু আটক শ্যামনগর (সাতক্ষীরা ) সংবাদদাতা জানান, সাতক্ষীরা শ্যামনগরে সুন্দরবনের অস্ত্রসহ গুলিবিদ্ধ এক বনদস্যুকে আটক করেছে পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিত্বে বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাঁড়ির এস আই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা সদরের মুঞ্জিতপুর এলাকা থেকে মিন্টু বাহিনীর প্রধান মিন্টু (৩২) কে আটক করে নিয়ে আসে। সে গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের আব্দুল মান্নান গাজীর ছেলে। গুলিবিদ্ধ মিন্টুকে আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আমিনুল ইসলাম জানান, আটককৃত বনদস্যু মিন্টুর বিরুদ্ধে শ্যামনগরসহ বিভিন্ন থানায় কয়েকটি অস্ত্র মামলা আছে। বেনাপোল সীমান্তে চোরাকারবারিদের উপর গুলি বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের কাচারী বাগান মন্দির এলাকায় অভিযান চালিয়ে শনিবার ৩ লাখ টাকার ভারতীয় বিস্কুট ও চকলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপর ইট পাথর নিক্ষেপ করলে বিজিবি আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কোন চোরাচালানিকেও আটক করতে পারেনি বিজিবি।