পৃথক ঘটনায় বিভিন্ন স্থানে ১০ জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
কালিয়াকৈরে দুই শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার উর্মি নিটওয়্যাার নামে একটি পোশাক কারখানার ইটিপি প্ল্যান্টের ব্রয়লার হাউজ থেকে গতকাল শনিবার সকালে মো. আব্দুর রাজ্জাক (৪২) ও মো. লাভলু মিয়া (১৯) নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কারখানা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা শুক্রবার সকাল ৮ টা থেকে কারখানার ইটিপি প্ল্যান্টে কাজ শুরু করে। রাত ৮টার পর তাদের আর খুঁজে পাওয়া যায় নি। শনিবার সকালে কারখানার কর্তপক্ষ ওই দুই শ্রমিকের লাশ ব্রয়লার হাউজে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। থানায় ইউডি মামলা হয়েছে।
রাজবাড়ীতে দুইজন খুন
রাজবাড়ী সদরের খানখানাপুরে গতকাল শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে পারভীন বেগম (৩২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুই দেবর এবং বালিয়াকান্দি উপজেলার নবাবপুরের করচাডাঙ্গী গ্রামে বড় ভাইয়ের পিটুনিতে মিজানুর রহমান (১৬) নামে ছোট ভাই নিহত হয়েছেন। রাজবাড়ী থানার এসআই তারেকুজ্জামান জানান, উভয় ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুনীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যায়নি।
শৈলকুপায় গ্রাম্য মাতুব্বরকে
কুপিয়ে হত্যা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শিংনগর গ্রামে গতকাল শনিবার সকালে সাইদ মণ্ডল (৫৫ ) নামে এক গ্রাম্য মাতুব্বরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় একজন মহিলাও আহত হয়েছেন। শৈলকুপা থানার এস আই ইব্রাহিম হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামে দু দলে শত্রুতা চলে আসছে। সকালে বাইসাইকেলে করে সাইদ মণ্ডল ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে প্রথমে ঝিনাইদহ হাসপাতালে পরে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান। এ ঘটনায় তুষার ও আশরাফুল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিবগঞ্জে আওয়ামী লীগ কর্মী খুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা বাজারে গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের বোমা হামলায় আতাউর রহমান (৫৬) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবুল কালাম আজাদকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। নিহত আতাউরের রাজনৈতিক কোন পরিচয় পাওয়া যায়নি।
মিরসরাইয়ে মহিলার লাশ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদীয়া কমপ্লেক্সের পুকুর থেকে গতকাল শনিবার সকালে অজ্ঞাত পরিচয় (৩৫) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জোরারগঞ্জ থানার এসআই মো. রবিউল হোসেন জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন ও পোশাক পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাগুণ্ডা গ্রামের একটি ধান ক্ষেত থেকে গতকাল শনিবার হাবিব উল্লাহ নামে নিখোঁজ এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দেবিদ্বার উপজেলার ফাগুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। গত বৃহস্পতিবার স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের গলায় শাড়ীর আঁচলের অংশবিশেষ পেঁচানো ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নেত্রকোনায় ছাত্রলীগ কর্মী খুন
নেত্রকোনা সরকারি কলেজের সাইকেল স্ট্যান্ডে গতকাল শনিবার মীর্জা আজিজ আমানী ইফতি (১৭) নামে প্রথম বর্ষের কলেজ ছাত্র দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। ভর্তির পর প্রথমদিন ক্লাস করতে এসেই সে খুন হয়। সে ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। চিকিত্সক জানান, তার গলায় ছুরির হেচকা টান পাওয়া গেছে। যার কারণে সে মারা গেছে।
রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকায় গত শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে মোহসিন মোল্লা (৩০) নামে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই এলাকার হোসেন আলী নামে একজনকে গ্রেফতার করেছে।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ঘটনায় ১০ জনকে আসামি করে নিহতের বাবা আব্দুস সাদেক মোল্লা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পূর্বাচল উপশহরে ১৯ নং সেক্টরের ২৫ নং ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে বিরোধের ঘটনায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
