ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার পীরবাড়ি এলাকার প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে গতকাল শনিবার সকালে আতিকুল ইসলাম শাকিল (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলা সদর হাসপাতালে নিহত শাকিলের লাশ রেখে নিরাময় কেন্দ্রের লোকজন পালিয়ে যায়। নিহত শাকিল শহরের কান্দিপাড়া গ্রামের মো. বাহার মিয়ার ছেলে ও প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শাহাদত্ হোসেনের বড় ভাই। নিহতের ভাই শাহাদত্ হোসেন জানান, মাদকের প্রতি আসক্তি দূর করতে গত ২ আগস্ট রাতে পরিবারের সদস্যরা শাকিলকে ভর্তি করেন।
ভর্তি করার সময় সে শারীরিকভাবে সম্পূর্ণ ভালো ছিল। গতকাল শনিবার সকালে হাসপাতাল থেকে খবর আসে সে মারা গেছে। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক চয়ন রায় জানান, শাকিলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। সদর থানার ওসি মো. আবদুর রব বলেন, ঘটনার পর পরই প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রের মালিকপক্ষ পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
