সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:৪৯
সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরা প্রতিনিধি \ “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায়, মুক্তিকামী জনতার সেতুবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৪। এ উপলক্ষে গতকাল শনিবার একটি বর্ণাঢ্য নৃত্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। জেলা আদিবাসী সমিতির সভাপতি মহাদেব মুন্ডার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্বজিত্ মুন্ডা, কৃষ্ণ মুন্ডা প্রমুখ। মহালছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা \ খাগড়াছড়ি’র মহালছড়িতে গুইমারায় পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশে সেনা-পুলিশের হামলার প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মিছিল শেষে সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেনন চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি তপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিদর্শন খীসা প্রমুখ। পূর্বধলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী জনতার সেতুবন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় গতকাল শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা শাখার যৌথ উদ্যোগে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ট্রাইবালওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মনেশ নকরেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান ভাসানী। প্রধান আলোচক ছিলেন পলাশ রেমা। বক্তব্য রাখেন, গজেন্দ্র মান্দা, বিকাশ মানকিন, রাশেদুল আলম প্রমুখ। পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২১ জন আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা \ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় গতকাল শনিবার ভোরে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২১ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবি কমান্ডার লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা এসব নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে ৯ জন নারী, ৮ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছে। এদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। এ সময় দালালচক্রের সদস্যরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আগে থেকে পালিয়ে যায়। এদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। মনোহরদীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ গতকাল শনিবার মনোহরদীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৪ উপলক্ষে মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার: লক্ষ্য হবে সফল জীবন পাবার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পিএসটিসি’র অঙ্গ প্রতিষ্ঠান নতুন দিন-এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি মনোহরদী বাসস্ট্যান্ড হতে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন পিএসটিসির জেলা টিম লিডার মো. সাদেকুর রহমান। হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা \ “আদিবাসীদের অধিকার বাস্তবায়নে সেতুবন্ধন” গতকাল শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটিতে ছিল র্যালি, আদিবাসীদের নৃত্য, আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা সিবিএএনসি কমিটির সভানেত্রী রাখী দারিং। জয়পুরহাটে আদিবাসী দিবস পালন জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা শেষে আদিবাসীদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসীদের ঐতিহ্যবাহি নানা ধরনের নাচ ও গান পরিবেশন করা হয়। বড়াইগ্রামে লাইফ ইন্সুরেন্সের মৃত্যুদাবির চেক হস্তান্তর বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে গতকাল শনিবার প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়েছে। বড়াইগ্রাম পৌর হলরুমে বিশিষ্ট ব্যবসায়ী ঈমান আলীর সভাপতিত্বে মেয়র ইসাহাক আলী প্রধান অতিথি হিসাবে লক্ষীকোল নিবাসী বীমা গ্রাহক মরহুম মিজানুর রহমানের মা ফরিদা বেগমের হাতে ১ লাখ ৪৭ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় ইন্সুরেন্সের নাটোর সার্ভিসিং সেলের ইনচার্জ মির্জা আবুল আশার, ডিস্ট্রিক কো-অর্ডিনেটর আমজাদ হোসেন, একাউন্টিং অফিসার বদরুল আলম, কাউন্সিলর আব্দুর রউফ ও মোতালেব হোসেন, প্রভাষক শফীউল হাসান তীতু, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, লক্ষীকোল ইউনিট ম্যানেজার সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। কালিয়াকৈরে নদী বাঁচাও আন্দোলনের আলোচনা সভা কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল শনিবার সকালে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ নদী নীতি ও নদী আইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর শাখার সভাপতি এ.কে.এম.সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, বলাল উদ্দিন আকন্দ, আব্দুস সামাদ মন্ডল, কামরুন নাহার রিনা, আব্দুল করিম পাখি, রিয়াজ মাহমুদ প্রমুখ। নৌ-দুর্ঘটনা রোধকল্পে কাউখালীতে মানববন্ধন কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে নৌ-দুর্ঘটনা রোধকল্পে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় লঞ্চঘাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শেখর চন্দ্র দে, শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, ঘাট শ্রমিক মোঃ আঃ শুকুর। বক্তরা নৌ-দুর্ঘটনা রোধকল্পে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না ওঠার জন্য আহ্বান জানান। লঞ্চ দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে। পরে মুন্সীগঞ্জের কাওড়াকান্দি লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয় এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ঝিনাইগাতীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল শনিবার বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক এডভোকেসি সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম ম্রং, উপজেলা বাগাছাসের সভাপতি ডেনিস নখরেক, উন্নয়ন কর্মী উজ্জল কুমার চক্রবর্তী, গৌরীপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ খোকা, সাইলেন্ট চাম্বু গং প্রমুখ। সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বাগাছাসের সহ-সভাপতি পবিত্র ম্রং প্রমুখ। তুচ্ছ ঘটনায় রাবিতে ছাত্রলীগের হাতে শিক্ষার্থী আহত রাজশাহী অফিস \ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কামরুল ইসলামকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী কামরুল টুকিটাকি চত্বরে চা পান শেষে যাবার সময় রাসেল নামের এক ছাত্রলীগ নেতার পায়ের সাথে ধাক্কা লাগে। এতে কামরুল তাত্ক্ষণিক সরি বললেও তাকে কয়েকজন ছাত্রলীগ নেতা একত্রিত হয়ে বাঁশ ও লাঠি দিয়ে বেদম প্রহার করে। পরে তাকে টুকিটাকি চত্বর থেকে ছাত্রলীগের দলীয় টেন্টে নিয়ে সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা আবারো পিটিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে নিজেদের মধ্যে এ ঘটনাটি ঘটেছে। বাঞ্ছারামপুর তিতাস নদী থেকে লাশ উদ্ধার বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ উপজেলার তিতাস নদী থেকে গত শুক্রবার বিকালে আবদুল হান্নানের (৪৫) নামে ঢাকার অপহূত ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে পাঁচজনের নামে বাঞ্ছারামপুর থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ মুরাদনগরের জিয়াউল, নবীনগরের নুরু মিয়া ও বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মুরাদনগরের আবদুল কাদির এবং লোকমান হোসেন পলাতক । নাসিরনগরে আশার নেতৃত্ব বিকাশে কর্মশালা নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ উপজেলায় আশার পরিচালিত ব্রাঞ্চসমূহের দলনেত্রীদের জন্য নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়নের লক্ষ্যে দলের সভানেত্রীদের নিয়ে আশার প্রশিক্ষণ কর্মসূচির আওতায় উপজেলার কুন্ডা ব্রাঞ্চের ২৫ জন দলনেত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। নাসিরনগর আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার নুরুল আমিনের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন আশার ফিল্ড অডিটর মোঃ মোশাহিদ চৌধুরী। এতে উপজেলার কুন্ডা ব্রাঞ্চের ২৫টি দলের দলনেত্রী অংশগ্রহণ করেন। পীরগঞ্জে বিশ্ব আদিবাসী দিবস পালিত পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ গতকাল শনিবার ইএসডিও’র ‘প্রমোশন অব রাইটস ফর এথোনিক মাইনোরিটি এন্ড দলিত ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম’-এর উদ্যোগে আদিবাসীদের বর্ণাঢ্য র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে “বিশ্ব আদিবাসী দিবস” পালন করা হয়। ইএসডিও’র উপজেলা ম্যানেজার শাহ মোঃ আমিনুল হক ও পীরগঞ্জ উপজেলা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী উন্নয়ন ফোরাম সাধারণ সম্পাদক কানন কিসকুর নেতৃত্বে র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী উন্নয়ন ফোরাম সাধারণ সম্পাদক কানন কিসকু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রাজিউর রহমান রাজু, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুরশিদুল করিম মুহাঃ ইসতেশাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ আক্তারুল ইসলাম, চেয়ারম্যান একরামুল হক, ইত্তেফাক সংবাদদাতা ও পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ মেহের এলাহী, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক মোঃ রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ। সারিয়াকান্দি ডিগ্রি কলেজে ছাত্রদলের নবীনবরণ সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ গতকাল শনিবার সকালে পৌর ছাত্রদলের উদ্যোগে সারিয়াকান্দি ডিগ্রি কলেজে নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল। পৌর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান শোভনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদুজ্জামান স্বপন, উপাধ্যক্ষ মুনজুর মোর্শেদ, প্রভাষক সুলতান মাহমুদ প্রিন্স, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাহাদত হোসেন সনি, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দিপন, ছাত্র দলনেতা সোহেল রানা, নজরুল ইসলাম নিশান, আলামিন ইসলাম প্রমুখ । দেলদুয়ারে স্বর্ণের দোকানে ডাকাতি, ককটেল বিস্ফোরণ দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের দেলদুয়ারে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাথরাইল বাজারে দ্বীপ্ত জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। এসময় প্রায় দশ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ডাকাতি হয়। দোকানের সদর দরজায় লাগানো ১৪টি তালা ভেঙে স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাতরা। ঐ রাতে বাজারে ১০ জন পাহারাদার পাহারায় ছিল। পাহারায় থাকা মজিবর রহমান জানান, রাত দু’টার দিকে একটি পিক-আপ নিয়ে ১০/১২ জন লোক এসে পাহারায় থাকা কবির, অনিল তাম্বলি, মজিবর ও পরিমলকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতি শেষে আতংক সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ করে তারা চলে যায়। সকালে পুলিশ খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও টাঙ্গাইল পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবগঞ্জে পিস্তল, গুলি ও হেরোইন জব্দ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ শিবগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবি ১২ লাখ টাকা মূল্যের পিস্তল, গুলি, হেরোইন ও পাঞ্জাবি আটক করেছে । বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে গতকাল শনিবার রাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর বিওপির বিজিবি সদস্যের একটি টহল দল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর তিরিশ রশিয়ার মাঠে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার টাকা মূল্যের ১টি পিস্তল, ৪শ’ টাকা মূল্যের ২ রাউন্ড গুলি, ১ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ৬৪টি পাঞ্জাবি ১০ লাখ মূল্যের ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এ ব্যাপারে মনোহরপুর বিওপির কমান্ডার সুবেদার মোহাঃ আখতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। লোহাগড়ায় মেয়ের মা, ছেলের বাবা ও হবুবরকে দণ্ডাদেশ লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের মা, ছেলের বাবা ও হবুবরসহ প্রত্যেককে এক হাজার টাকা করে মেয়ের বাড়িতে বসে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা খাতুন গত শুক্রবার (৮ আগস্ট) বিকালে এ জরিমানা ও দণ্ডাদেশ করেন। জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউপির আমাদা গ্রামের করফুল শেখ মেয়ে এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বিথী খানমের (১৪ বছর) সাথে একই উপজেলার শালনগর ইউপির শালনগর গ্রামের তবিবুর রহমানের ছেলে ইলিয়াছুর রহমানের সাথে শুক্রবার দুপুরে বিথীর বিয়ের আনুষ্ঠানিকতা ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা খাতুন এ বিয়ে বন্ধের ব্যবস্থা নেন। গোমস্তাপুরে ককটেল বিস্ফোরণে শিশুসহ ৩ জন আহত গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ককটেল বিস্ফোরণে ২ শিশুসহ ১ হোটেল কর্মচারী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দোসীমনি কাঁঠাল গ্রামে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের কাজলের চায়ের দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বাক্স ওবাইদুলের পুত্র মাহবুবুর (১৪) নাড়াচাড়া করার সময় সেটিতে থাকা ককটেল বিস্ফোরিত হলে সে ও সেখানে উপস্থিত একই গ্রামের মানিকের পুত্র কাউসার (৯) ও হোটেল কর্মচারী উত্তম কুমার (৩৫) আহত হয়। বিস্ফোরণে শিশু মাহবুবুরের ডান হাতের কব্জি উড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহত অপর ২ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহত মাহবুবুুরের বিচ্ছিন্ন হাতের আঙ্গুল আলামত হিসেবে সংগ্রহ করে পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি জিডি এন্ট্রি করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কালিয়াকৈরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কমিটি গঠন কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গাজীপুর জেলার কমিটি গঠন উপলক্ষে গতকাল শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের পল্লীবিদ্যুত্ এলাকার প্রধান কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. এস এম বাদশা মিয়া। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওহাব, সরকার মোশারফ হোসেন জয়, আইয়ুব হোসেন মন্ডল, জসিমউদ্দিন ইকবাল, এবি সিদ্দিক বাবু, আনিছুর রহমান আনিছ প্রমুখ। পরে মোঃ জসিমউদ্দিন জসিমকে সভাপতি ও মোঃ জসিমউদ্দিন ইকবালকে সাধারণ সম্পাদক ও মোঃ মনিরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিরামপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার আদিবাসীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল শনিবার বিশ্ব আদিবাসী দিবস পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার আদিবাসী যুবক ঢুডু সরেন হত্যার প্রতিবাদে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা মোড়ে মানববন্ধন শেষে পাইলট হাইস্কুল মাঠে আদিবাসী সমাবেশ হয়েছে। উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বারনাবাস মুরমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, আদিবাসী দিশাম পারগানা কেরোবিন হেমরম, এনডিএফ ইউনিট ম্যানেজার আব্দুস ছামাদ, সিডিএফ ম্যানেজার সোলায়মান মারাণ্ডি, গ্রাম বিকাশের ইউনিট ম্যানেজার গণেশ হেমরম, আরডিআরএস ম্যানেজার সুবল প্রামাণিক, পল্লীশ্রীর ম্যানেজার আবু জাফর, আদিবাসী নেতা বিশ্বনাথ তিরকী, কার্লুস মার্ডি, পল্টু হাঁসদা, ছাত্রনেতা জোনাস সরেন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।