বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ আজ

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২২:০৮
এশিয়ান গেমস ফুটবল প্রাথমিক দলের প্রস্তুতি পরখ করার জন্য আজ বিকালে ম্যাচ খেলবে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। বাফুফে একাদশ নামের একটি দল গঠন করা হয়েছে। বিকাল ৪টায় বিকেএসপিতে ম্যাচ। ১৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ খেলবে রহমতগঞ্জের বিরুদ্ধে। এরপর আরো একটি ম্যাচ খেলার কথা রয়েছে বলে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি তাবিথ আওয়াল। বিদেশি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়নি। কারণ ১৫ আগস্ট খেলোয়াড় তালিকা পাঠানোর পর এশিয়ান গেমস ফুটবলের ড্র ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এরপর বাফুফে নির্ধারণ করতে পারবে কোন দেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে লুডভিক ডি ক্রুইফের দল। সেই সাথে আরো একটি দুর্ভাবনা রয়েছে। বাফুফে চাইছে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে ফুটবল দল প্রস্তুতি ম্যাচ খেলবে। তাবিথ আওয়াল জানিয়েছেন ফুটবল মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাবে। যাওয়ার রুটে যেখানে প্রস্তুতি ম্যাচ খেলা যায় আমরা সেখানেই দল নিয়ে যাবো। তাছাড়া চাইলেই তো দল পাওয়া যাচ্ছে না। আমাদের সভাপতি সালাহউদ্দিন ভাই কথা বলছেন বিভিন্ন দেশের সাথে। দেখা যাক কতদূর আগানো যায়। ২০ আগস্টের পর আমরা একটা সিদ্ধান্তে যেতে পারবো।’