বৈরী আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে শিবচরের কাওড়াকান্দি-মাওয়া রুটে গতকাল শনিবার দুপুর থেকে টানা ফেরি, মোটর লঞ্চ ও স্পিড বোর্ট চলাচল বন্ধ থাকে। ফলে এই পথে যাত্রীদের একমাত্র ভরসা ছিল ফেরি। যে কারণে কাওড়াকান্দি ঘাটে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীসাধারণের।
বিআইডব্লিওটিসি, পুলিশ ও যাত্রী সূত্রে জানা যায়, সকালের দিকে নৌযান চলাচল করলেও দুপুরে বৈরী আবহাওয়া ও স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় টানা নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
গোয়ালন্দ(রাজবাড়ী) সংবাদদাতা জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল সন্ধ্যা পৌনে সাতটা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। প্রচণ্ড স্রোতের পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে নদীতে বড় ঢেউ সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লি¬উটিএ দৌলতদিয়া কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান, সারাদিনই নদীতে উত্তাল ঢেউ ছিল কিন্তু যাত্রী পারাপারের বিষয়টি গুরুত্ব দিয়ে লঞ্চ চলাচল অব্যাহত রাখা হয়। বেলা বাড়ার সাথে সাথে নদীতে ঢেউ বাড়তে থাকলে বিকেলে এই রুটে ছোট লঞ্চ বন্ধ করে বড়গুলো চালানো হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে অতিমাত্রায় ঢেউ সৃষ্টি হলে দুর্ঘটনা এড়াতে পৌনে সাতটার পর থেকে সব লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
