আড়াই মাস বন্ধ থাকার পর আজ আবার খুলছে চট্টগ্রামের ইউএসটিসি

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২২:৪৫
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের লাগাতার আন্দোলনের মুখে আড়াই মাস বন্ধ থাকার পর আজ রবিবার আবার খুলছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)। গতকাল শনিবার জেলা প্রশাসন কার্যালয়ে এক বৈঠকে আন্দোলনকারী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিনসহ ইউএসটিসি কর্তৃপক্ষ, আন্দোলনকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রতিনিধি ও বিএমএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে ইউএসটিসি ট্রাস্টি বোর্ড সদস্য ডা. নীনা ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন, সর্বমোট ১২টি বিষয়ে আমাদের মধ্যে সমঝোতা হয়েছে। খুব ভালো সিদ্ধান্তই আমরা নিতে পেরেছি। এখন এগুলো বাস্তবায়নের পর্যায় শুরু হবে। দীর্ঘদিন ধরে একটি অচলাবস্থা ছিল। সমঝোতার মধ্য দিয়ে তার অবসান ঘটলো।