রাজশাহীতে বাসদ নেতার আটক নিয়ে রহস্য

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২২:৪৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সাম্রাজ্যবাদ বিরোধী প্রদর্শনী ও মানববন্ধনে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে বাসদের রাজশাহী জেলা আহবায়ক দেবাশীষ রায়কে আটক নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ডিবি পুলিশ দেবাশীষকে আটক করেছে বলে থানা পুলিশ নিশ্চিত করলেও ডিবি পুলিশ তা অস্বীকার করেছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেবাশীষ রায়কে ডিবি হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে ডিবি পুলিশ এ ধরনের কোন ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেছে। এতে বাসদ নেতাকে আটক নাকি অপহরণ করা হয়েছে এ নিয়ে রহস্য দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন বলেন, হিরোশিমা ও নাগাসাকি দিবস উপলক্ষে ক্যাম্পাসে তথ্যচিত্র প্রদর্শনী ও মানববন্ধন শেষে শনিরার দুপুর ২টার দিকে দেবাশীষসহ আমরা ৩ জন বাসায় যাওয়ার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠ হয়ে কাজলা গেটে আসি। গেটে আগে থেকেই পুলিশের একটি পিকআপ ভ্যান দাঁড় করানো ছিল। সেই গাড়িতে পুলিশের পোশাক পরা কয়েকজন পুলিশ সদস্যও ছিল। কোনকিছু বুঝে ওঠার আগেই সাদা পোশাকে ৩-৪ জন লোক দেবাশীষকে ধরে পিকআপ ভ্যানে উঠিয়ে নেয়। তারপর থেকে আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। এবিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নূর হোসেন বলেন, এখনো পর্যন্ত বাসদের কোনো নেতাকে গ্রেফতার কিংবা আটকের তথ্য গোয়েন্দা পুলিশের কাছে নেই।