নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের গাড়িচালক মিজানুর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল শনিবার দুপুরে র্যাব-৮ এর টিম পটুয়াখালী থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়ার উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে পটুয়াখালী প্রেস ক্লাবের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে গতকাল রাতেই একটি টিম ঢাকা রওনা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ পুলিশের হাতে সোপর্দ করা হবে। নারায়ণগঞ্জ পুলিশের একজন কর্মকর্তা জানান, নূর হোসেনের গাড়িচালক মিজানুরের গ্রেফতারের ব্যাপারে তারা কিছু জানেন না। হস্তান্তরের পরই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩১ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে তিন র্যাব কর্মকর্তাসহ ১৫ জনকে সাত খুনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৪ জুন কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাগুইআঁটির একটি বাড়ি থেকে নূর হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। নূর হোসেন বর্তমানে দমদম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আগামী ১৬ আগষ্ট তাদেরকে চতুর্থ দফায় আদালতে তোলা হবে।
