হ লি উ ড

ফের শীর্ষে শাকিরা

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ১৯:৫৯
শীর্ষ সোশ্যাল মিডিয়া ফেইসবুক আর মাইক্রোব্লগিং সাইট টুইটারে আবারও শীর্ষে কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ‘ইয়োগার্ট ব্র্যান্ড’ অ্যাক্টিভিয়া সমপ্রতি নিজেদের বিজ্ঞাপনে ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ উপলক্ষে নির্মিত শাকিরার ‘লা লা লা’ মিউজিক ভিডিওটি ব্যবহার করেছিল। সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশিবার শেয়ার হওয়া বিজ্ঞাপন এখন সেটি। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুক, টুইটার এবং বিভিন্ন ব্লগে গত দুই মাসে ভিডিওটি শেয়ার করা হয়েছে ৫৩ লাখ ৭৫ হাজার বার। এর আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ারের হিসেবে শীর্ষ ছিল ভক্সওয়াগনের ‘দ্য ফোর্স’ বিজ্ঞাপনটি। ফেব্রুয়ারি ২০১১ থেকে ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ৫৩ লাখ ৭২ হাজার বার। ফেইসবুক বা টুইটারে শাকিরা বরাবরই আকাশচুম্বী সাফল্য পেয়েছেন। ফেইসবুকে ১০ কোটি লাইক পাওয়া প্রথম শিল্পীও তিনি। শাকিরা ১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি কলম্বিয়ার বার্রানকিলাতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার মা নিদাইয়া দেল কারমেন রিপোল তোর্রাদো এবং লেবানিজ বংশোদ্ভূত বাবা উইলিয়াম মেবারাক শাদিদের একমাত্র সন্তান। শাকিরা বেশিরভাগ সময় কাটান উত্তর কলম্বিয়ার শহর বার্রানকিলায়। ভালো বুদ্ধিমত্তা ও আইকিউ পরীক্ষায় ভাল স্কোর করার জন্যও শাকিরা বিশেষভাবে পরিচিত। মাত্র চার বছর বয়সে শাকিরা তার প্রথম কবিতাটি লেখেন, যার শিরোনাম ছিলো ‘লা রোসা দে ক্রিস্টাল’। কলম্বিয়ার স্থানীয় প্রযোজকদের সহায়তায় শাকিরার সঙ্গীত জীবনের প্রথম দুইটি অ্যালবাম প্রকাশ পায়। কিন্তু সেগুলো কলম্বিয়ার বাইরে খুব একটা পরিচিতি পায়নি। পরবর্তীতে নিজেই নিজের অ্যালবাম প্রযোজনার সিদ্ধান্ত নেন তিনি। ১৯৯৫ সালে তার নিজস্ব প্রযোজনায় অ্যালবাম ‘পিয়সে দেসকালসোস’ প্রকাশ পায়। এটি তাকে লাতিন আমেরিকা ও স্পেনে খ্যাতি এনে দেয়। এছাড়া তাকে একজন রহস্যময়ী সঙ্গীতশিল্পী হিসেবে চিহ্নিত করে। তবে ১৯৯৮ সালে ‘দোন্দে এস্তান লোস লাদ্রোনেস’ অ্যালবামটি শিল্পী হিসেবে তার গুরুত্ব বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই অ্যালবামের জন্য তিনি রোলিং স্টোন, অল মিউজিক গাইড এবং বিলবোর্ড ম্যাগাজিনের সঙ্গীত সমালোচকদের কাছ থেকে উত্সাহব্যঞ্জক সাড়া পান। তিনি দুইবার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রিত শিল্পী, সেই সাথে তিনি ব্যবসায়িকভাবে সফল দ্বিতীয় ল্যাটিন অ্যামেরিকান নারী শিল্পী, যার অ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রি হয়েছে। এছাড়াও তিনি দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া একমাত্র শিল্পী যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট ও ইউকে সিঙ্গেলস চার্টে প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন।